সউল, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়ার বিমানের ওপর থেকে শুক্রবার হুমকি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সউল। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার সময় উত্তর কোরিয়ার পাশ দিয়ে উড়ে যাওয়া দক্ষিণের বাণিজ্যিক বিমানগুলোর নিরাপত্তার কোন নিশ্চয়তা থাকবে না বলে পিয়ংইয়ং বৃহস্পতিবার হুমকি দেয়।
এতে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কিম হো নায়ন বলেছেন, "আন্তর্জাতিক বিমান নীতিমালার আওতায় বেসামরিক বিমানের স্বাভাবিক গতিবিধিতে হুমকি দেওয়াটা কেবল আন্তর্জাতিক আইন পরিপন্থিই নয় বরং এটি মানবতা বিরোধীও।"
কিম বলেন, সরকার উত্তর কোরিয়াকে অবিলম্বে বেসামরিক বিমান চলাচলের ওপর থেকে হুমকি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে।
এর আগে উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা এক সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, "সামরিক মহড়া শুরু হলে আমাদের ভূখণ্ডের পাশ দিয়ে বিশেষ করে কোরিয়ার পূর্ব সাগরের (জাপান সাগর) ওপর দিয়ে উড়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার বেসামরিক বিমানগুলোর নিরাপত্তার গ্যারান্টি নেই।"
উত্তর কোরিয়ার হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার বিমানগুলো ইতোমধ্যেই রুট বদলানোর পদক্ষেপ নিয়েছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে কোনও বড় ধরনের অঘটন ছাড়াই সামরিক মহড়া চালিয়ে এসেছে। উত্তর কোরিয়া বরাবরই বার্ষিক এ মহড়াকে 'আগ্রাসন ও পারমাণবিক যুদ্ধের পাঁয়তারা' বলে সমালোচনা করে আসছে। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া আবারও চলবে ৯ থেকে ২০ মার্চ পর্যন্ত।
উিত্তর কোরিয়া এবার আগে থেকেই দক্ষিণ কোরিয়াকে নানা হুমকি-ধামকি দিয়ে এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করে উত্তেজনা বাড়িয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24