খার্তুম, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির বৃহস্পতিবার দেশ থেকে দশটি বিদেশি সাহায্য সংস্থাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন।
পশ্চিম দারফুরে যুদ্ধাপরাধের অভিযোগে বশিরের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। কোনো দেশের ক্ষমতাসীন প্রধানের বিরুদ্ধে এটাই আইসিসির প্রথম গ্রেপ্তারি পরোয়ানা।
শীর্ষ রাজনৈতিক নেতা এবং মন্ত্রিপরিষদ সদস্যদের এক বৈঠকে বশির বলেন, "একটি দায়িত্বশীল সরকার হিসেবেই আমরা কাজ করব।" দেশের স্থিতিশীলতার প্রতি কেউ হুমকি সৃষ্টি করলে সুদান কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি জানান।
তিনি বলেন, "দেশের আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করছে এমন ১০টি বিদেশি সংস্থাকে আমরা বহিষ্কার করেছি।"
বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মামলাটি স্থগিত করতে আফ্রিকা ও আরব দেশগুলোর অনুরোধের প্রতি সাড়া দেওয়ার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীন। তবে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বশিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সাতটি এবং হত্যা, ধর্ষণ ও নির্যাতনসহ মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনেছে আইসিসি। তবে তিন সদস্যের বিচারক প্যানেল জানিয়েছে, গণহত্যার সপক্ষে যথেষ্ট প্রমাণ তাদের কাছে নেই।
বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর লাইসেন্স বাতিল করে সুদান।
জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, দারফুরে ২০০৩ সাল থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রায় তিন লাখ মানুষ নিহত হয়েছে এবং গৃহহারা হয়েছে প্রায় ২৭ লাখ মানুষ। বেশিরভাগ অনারব লোক বিদ্রোহ করে সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলে দারফুরে এই সহিংসতা শুরু হয়।
বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ এই সংকটে জাতিসংঘসহ অন্যান্য সংস্থাগুলো মানবিক সাহায্য দিয়ে আসছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এমএইচবি/১৬৩০ ঘ.
bdnews24