ইসলামাবাদ, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- পাকিস্তানের লাহোরে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার ঘটনায় চার বন্দুকধারীর মুখচ্ছবির স্কেচ প্রকাশ করেছে পুলিশ। তবে হামলার পর দুই দিন পেরিয়ে গেলেও তদন্তে বড় ধরনের অগ্রগতি নেই।
হামলায় অংশ নেওয়া ১২ বন্দুকধারীর মধ্যে মাত্র চারজনের স্কেচ প্রকাশ করেছে পুলিশ।
লাহোর পুলিশের পরিদর্শক আসিফ রশিদ বলেন, "একটি গাড়ির মালিক এবং একজন রিক্সাওয়ালার দেওয়া বর্ণনার ভিত্তিতে ওই চারজনের মুখচ্ছবি তৈরি করা হয়েছে।"
তিনি বলেন, "এদের সবার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।"
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে গত মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাস লক্ষ্য করে রাইফেল, গ্রেনেড ও রকেট নিয়ে হামলা চালায় এক ডজন বন্দুকধারী। এতে শ্রীলঙ্কার ছয় খোলোয়াড় ও এক ব্রিটিশ কোচ আহত হয় এবং পুলিশ সদস্যসহ আট পাকিস্তানি নিহত হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, ভারী অস্ত্রসজ্জিত এই সন্ত্রাসীদের খুঁজে বের করতে তারা তল্লাশি জোরদার করেছে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হলেও এখনো কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। তবে তদন্তের সঙ্গে জড়িত মধ্যসারির এক কর্মকর্তা জানিয়েছেন, খুঁজে পাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শহর পুলিশ প্রধান হাবিবুর রহমান গত বুধবার বলেন, "আমরা অনেককেই গ্রেপ্তার করেছি। একজনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হওয়া একটি সিম কার্ডের ভিত্তিতে। তবে এখনো বড় কোনো অগ্রগতি নেই।"
তবে বুধবার শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোলাগামাকে'র পাকিস্তান সফরকালে প্রেসিডেন্ট জারদারি তাকে জানান, তদন্তে অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, "লাহোর হামলা তদন্তে অগ্রগতি হয়েছে এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।"
জারদারি স্বীকার করেছেন, শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানি ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তবে এতে করে দুই দেশের সম্পর্কের অবনতি হবে না উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে দু'দেশের অভিজ্ঞতারভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এর আগে জারদারি বলেন, শ্রীলংকান ক্রিকেট দলের ওপর হামলাই প্রমাণ করেছে যে দেশ অশুভ শক্তির মুখে আছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/এমএইচবি/১৫৩০ ঘ.
bdnews24