আমস্টারডাম, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে আগামী প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সহযোগিতা করতে দেশটিতে অস্থায়ীভিত্তিতে আরও সেনা পাঠানোর কথা চিন্তা করছে নেদারল্যান্ডস। ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখাপাত্র বলেন, "নির্বাচনের সময় আফগান সেনাবাহিনী ও পুলিশকে সহযোগিতা করতে অতিরিক্ত বিদেশি সেনা প্রয়োজন হবে। আগের নির্বাচনগুলোতেও তাই হয়েছে। কাজেই অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে নেদারল্যান্ডস।"
তিনি আরও জানান, আফগানিস্তানে ন্যাটো বাহিনীতে যে সব দেশের সেনা কাজ করছে নির্বাচনের সময় অতিরিক্ত সেনা পাঠানোর জন্য সে দেশগুলোকে অনুরোধ জানানো হয়েছে। তবে নেদারল্যান্ডস থেকে কতো সেনা পাঠানো হতে পারে সে বিষয়টি তিনি পরিস্কার করে কিছু জানাতে পারেননি।
আফগানিস্তানে এই মূহুর্তে নেদারল্যান্ডসের এক হাজার ৬৫০ সেনা আছে। এদের অধিকাংশ উরুজগান প্রদেশে এবং কিছু রাজধানী কাবুল এবং কান্দাহারে মোতায়েন আছে।
গত সপ্তাহে আফগান প্রেসিডেন্ট হামিদ জারজাই নির্বাচন আগস্টের পরিবর্তে এপ্রিলে অনুষ্ঠানের আহ্বান জানান। তবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সেটা সম্ভব নয়।
আফগানিস্তানে ন্যাটোর ডেপুটি কমান্ডার গত সপ্তাহে জানান, তিনি আশাবাদী প্রেসিডেন্ট নির্বাচনের সময় সদস্য দেশগুলো অতিরিক্ত সেনা পাঠাবে।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/১৩৫৫ ঘ.
bdnews24