লাহোর, মার্চ ৩ (বিডনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- লাহোরে সন্ত্রাসী হামলা থেকে জীবন রক্ষা পাওয়ায় বাসের চালক মেহের মোহাম্মদ খলিলের প্রতি শ্রীলংকার ক্রিকেটারদের কৃতজ্ঞতার শেষ নেই। বার বার তাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। মুহুর্মুহু গুলির মুখে মাথা ঠাণ্ডা রেখে দ্রত বাসটি নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হন খলিল।
মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে শ্রীলংকার খেলোয়াড়দের নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে রওনা হয়েছিলেন খলিল। স্টেডিয়ামের ৫০০ মিটার দূরে প্রায় ডজন খানেক বন্দুকধারী চারপাশ থেকে একযোগে বাসটির উপর হামলা চালায়।
গুলিতে ক্ষতবিক্ষত বাসটির পাশে দাঁড়িয়ে খলিল রয়টার্সকে বলেন, "স্টেডিয়ামের মূল চত্বরে ঢোকার জন্য আমি বাঁক নেওয়ার সময় দেখি, আমাদের দিকে রকেট ছোড়া হয়েছে। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে তা উপড়ে যায়।"
বন্দুকধারীদের হামলায় শ্রীলংকার ক্রিকেটাররা বেঁচে গেলেও তাদের বাসটির পেছনে আম্পায়ারদের বহনকারী বাসটিতে থাকা পাঁচ পুলিশ ও চালক নিহত হয়।
খলিলের বাসটির চারদিকেই গুলির ছিদ্র দেখে এটা স্পষ্ট যে, শ্রীলংকার ক্রিকেটারই হামলার লক্ষ্য ছিল।
খলিল বলেন, "গুলি শুরু হলে একজন ক্রিকেটার চিৎকার করে বলেন, 'যেতে থাকো, যেতে থাকো'। আর আমিও মাথা ঠাণ্ডা রাখতে পেরেছিলাম সেই সময়; গুলি থেকে বাঁচতে মাথা নিচু করে অ্যাকসেলটর চেপে ধরে প্রচণ্ড গতিতে বাসটি স্টেডিয়ামের সামনে নিয়ে যেতে সক্ষম হই।"
"আল্লাহ আমাদের সাহায্য করেছেন। সন্ত্রাসীরা বাসের নিচে একটি গ্রেনেডও ছুড়ে মারে। বাসটি সেটি পার হয়ে গেলেই বিস্ফোরিত হয়।"
তিনি আরও বলেন, "দুই পাশ থেকে অনবরত গুলি ছোড়া হচ্ছিল। খেলোয়াড়রা জীবন বাঁচাতে বাসের মধ্যে শুয়ে পড়েন।"
শ্রীলংকার ক্যাপ্টেন মাহেলা জয়াবর্ধনে এক বিবৃতিতে বলেছেন, "জীবন রক্ষা পাওয়ায় বাসচালকের কাছে আমরা ঋণী। সরাসরি গুলির মুখে অবিশ্বাস্য সাহসিকতায় তিনি আমাদের বাঁচিয়েছেন।"
জয়াবর্ধনে বলেন, "হামলা শুরুর পর বাসটি চালিয়ে নেওয়ার সাহস ও সুস্থিরতা চালকের না থাকলে আমারা সন্ত্রাসীদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতাম।"
আকারে ছোটখাটো খলিল ২২ বছর ধরে পেশাদার চালক। পাকিস্তানে আসা আরও অনেক বিদেশি দলের জন্যও তিনি গাড়ি চালিয়েছেন। তিনি জানান, সাধারণত খেলোয়াড়দের বহনকারী বাসের সামনে থাকে পুলিশের গাড়ি, পেছনে থাকে এলিট ফোর্স।
নিহত পুলিশদের প্রতি শ্রদ্ধায় তিনি বলেন, "আমি এলিট কমান্ডোদের স্যালুট জানাচ্ছি। তারা পাল্টা আক্রমণের মাধ্যমে হামলাকারীদের ব্যস্ত রাখায় আমি বাসটি নিয়ে সরে পড়তে সক্ষম হই।"
বিডনিউজ ২৪ ডটকম/এমএইচবি/২২০১ ঘ.
bdnews24