২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সোয়াত উপত্যকায় শরিয়াপন্থিদের শান্তি মিছিল

পাকিস্তানের সহিংসতা বিক্ষুব্ধ সোয়াত উপত্যকায় 'শরিয়া আইন' চালুর নিয়ে সরকারের সঙ্গে চুক্তির দুদিন পর বুধবার একটি শান্তি মিছিল বের করেছে শরিয়াপন্থিরা। স্থানীয় তালেবানদের প্রতি ওই অঞ্চলে সহিংসতা থামানোর আহ্বান জানানো হয় মিছিল থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

মিনগোরা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সহিংসতা বিক্ষুব্ধ সোয়াত উপত্যকায় 'শরিয়া আইন' চালুর নিয়ে সরকারের সঙ্গে চুক্তির দুদিন পর বুধবার একটি শান্তি মিছিল বের করেছে শরিয়াপন্থিরা। স্থানীয় তালেবানদের প্রতি ওই অঞ্চলে সহিংসতা থামানোর আহ্বান জানানো হয় মিছিল থেকে। শরিয়া আইন চালু আন্দোলনের নেতা মাওলানা সুফি মোহাম্মদ শান্তি মিছিলের নেতৃত্ব দেন। সোয়াত উপত্যকার প্রধান শহর মিনগোরাতে ওই শন্তি মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেয়। তাদের অনেকের হাতেই ছিল সাদা-কালো পতাকা। মিনগোরায় মিছিলপূর্ব এক সমাবেশে সুফি মোহাম্মদ বলেন, "আমি আপনাদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা প্রদেশিক সরকারের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছেছি এবং শিগগিরই এখানে নিজাম-ই-আদেল (শরীয়া আইন) প্রতিষ্ঠিত হবে।" তিনি বলেন, "মানুষ শিগগিরই ন্যায়বিচার পেতে শুরু করবে এবং এখানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে।" মিছিলটিতে কাউকেই অস্ত্র বহন করতে দেখা যায়নি এবং মিছিলের জন্য আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি। তবে, শহরে ঢোকার সময় সব যানবাহনে তল্লাশি চালায় অস্তধারী তালেবানরা। ওদিকে, মেশিনগান তাক করা সামরিক যানে করে সেনাবাহিনীর সদস্যদের শহরে টহল দিতে দেখা গেছে। মাওলানা সুফি মোহাম্মদ ছয়বছর জেল খাটার পর গতবছর মুক্তি পান এবং সোয়াতে ফিরে এসে সেখানে শরীয়া আইন চালুর এ আন্দোলনের নেতৃত্ব দেন। সোমবার পেশাওয়ারে ইসলামী নেতাদের সঙ্গে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কর্মকর্তাদের বৈঠকে শরিয়া আইন জারির ব্যাপারে মতৈক্য হয়। বৈঠক শেষে প্রদেশটির তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হোসেন বলেন, "সফল আলোচনা শেষে আমরা সিদ্ধান্তে এসেছি, সোয়াত উপত্যকায় বিচারব্যবস্থার সব অনৈসলামিক আইন; কোরান ও সুন্নাহ বিরোধী সব আইন বাতিল ও অবৈধ হয়ে যাবে।" এ সিদ্ধান্তের আগের রাতে সোয়াতের তালেবান জঙ্গিরা এক সময়ে পর্যটনের জন্য জনপ্রিয় এলাকাটিতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। শুভেচ্ছার নিদর্শন স্বরূপ তারা ৫ মাস আগে অপহরণ করা এক চীনা প্রকৌশলীকেও মুক্তি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫৫ ঘ.