ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একনায়ক সাদ্দাম হোসেনের পতনের পর যুক্তরাষ্ট্র পরিচালিত ইরাক পুনর্গঠন প্রকল্পের ১২ হাজার পাঁচ শ' কোটি ডলার আত্মসাতের অভিযোগে উর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তাদের কথিত ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ব্রিটেনের দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এক অনুসন্ধানী প্রতিবেদনে একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে এটি।
বলা হচ্ছে, আত্মসাত করা অর্থের সঠিক অঙ্ক হয়তো কখনেই জানা যাবে না। তবে ইরাক পুনর্গঠন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিশেষ ইন্সপেক্টর জেনারেলের হিসেব অনুযায়ী, এর পরিমাণ পাঁচ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে যা হবে বার্নার্ড ম্যাডফের কুখ্যাত ওয়াল স্ট্রিট জালিয়াতির চেয়েও বেশি।
২০০৩ সাল থেকে ইরাকে সক্রিয়ভাবে ব্যবসা করছেন, এমন একজন মার্কিন ব্যবসায়ী জানান, "হামলার পর ইরাকে আসল লুটপাট করেছেন মার্কিন কর্মকর্তা ও ঠিকাদাররাই, ইরাকের বস্তিবাসীরা নয়।"
একটি ঘটনায় ইরাক পুনর্গঠন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিশেষ ইন্সপেক্টর জেনারেলের নিরীক্ষকরা জানতে পারেন যে বস্তায় বস্তায় এক শ' ডলারের নোট পাঠানো হয়েছে দক্ষিণ-মধ্য ইরাকের জন্য মার্কিন কম্পট্রোলার রবার্ট জে স্টেইন জুনিয়রের কাছে। তিনি নিজেই ওই মন কে মন ডলারের স্তুপের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ইরাকে অবস্থান করা যে মাত্র কয়েকজন মার্কিন কর্মকর্তা জালিয়াতি ও অর্থ পাচারের দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি তাদের একজন।
২০০৩ সালের পর ইরাকে যুক্তরাষ্ট্রের ব্যাপক অর্থ ব্যয় করা সত্ত্বেও বাগদাদের আকাশরেখায় কোন ক্রেন চোখে পড়ে না। কেবল গোটাকয়েক দেখা যায়, নতুন মার্কিন দূতাবাস ভবনটির কাছে। সাদ্দাম হোসেনের অসমাপ্ত একটি মসজিদের কাছে পরে থেকে মরচে ধরছে কয়েকটিতে। সরকারি কাজ এখন যা হচ্ছে তা হলো অবিশ্রান্তভাবে রাস্তার মাঝখানের আইল্যান্ডে পাম গাছ ও ফুলের চারা রোপন। কয়েক মাস পর সেগুলো খুঁড়ে তুলে ফেলে আবার লাগানো হয়।
ইরাকী নেতারা নিশ্চিত যে মার্কিন কর্মকর্তারা নিজে চুরি কিংবা অপচয়ের জড়িত থাকলেই কেবল যুক্তরাষ্ট্র ও ইরাকী সরকারের বিপুল অঙ্কের অর্থ চুরি কিংবা অপচয় করা সম্ভব। ২০০৪-০৫ অর্থ বছরে ইরাকের সামরিক সরঞ্জাম কেনার বাজেট ছিল এক শ' ৩০ কোটি ডলার। কিন্তু এই অর্থ পুরোটাই সরিয়ে ফেলা হয়। এর বিনিময়ে ইরাকী সরকার শুধু পেয়েছিল ২৮ বছরের পুরনো প্রায় অচল সোভিয়েত হেলিকপ্টার আর রাইফেলের গুলিও ঠেকাতে অক্ষম সাঁজোয়া যান। এজন্য ইরাকী কর্মকর্তাদের দায়ী করা হয়ে থাকে। কিন্তু সেই সময় ইরাকী প্রতিরক্ষা মন্ত্রাণালয় মূলত মার্কিন সামরিক কর্মকর্তাদেরই নিয়ন্ত্রণে ছিল । তাই হয় তারা বিষয়টির দিকে নজর দেননি। অথবা নিজেরাই চুরি-চামারিতে লিপ্ত হন।
উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আদালতের নথিপত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা এখন ইরাক পুনর্গঠন কর্মসূচির সঙ্গে জড়িত উর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে। আদালতের নথিপত্র থেকে জানা যায় যে, জানুয়ারিতে তদন্তকারীরা কর্নেল এন্টনী বি বেলের ব্যাঙ্ক রেকর্ড তলব করেন। এখন অবসর নিলেও ২০০৩ ও ২০০৪ সালে ইরাক পুনর্গঠন কর্মকাণ্ডে ঠিকাদার নিয়োগের দায়িত্ব ছিল তার। কেন্দ্রীয় দুই কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রোনাল্ড ডব্লিউ হারটলের কর্মকাণ্ড নিয়েও তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী তথ্য-প্রমাণ আছে তা স্পষ্ট নয়। এই দু'জনেই বলছেন, তাদের লুকানোর কিছু নেই।
বুশ প্রশাসনের অবসানের পর তার শাসনামলে এই দুর্নীতির ঘটনা নিয়ে তদন্ত আরো বেগবান হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসকে/
bdnews24