জেনেভা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০১ সালের নাইন ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' বিশ্বব্যাপী মানবাধিকার খর্ব করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক অবিশ্বাস বেড়ে চলেছে। জাতিসংঘকে এখন অবশ্যই এই পরিস্থিতি সামাল দিতে হবে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সোমবার একথা বলেছেন।
'সন্ত্রাসবাদ মোকাবেলা এবং মানবাধিকার' বিষয়ে 'ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টস' এর এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জেনেভায় আয়োজিত এক ব্রিফিংয়ে আইন বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাইওয়ার ও পেন্টাগনে হামলার সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি রবিনসন বলেছেন, যুক্তরাষ্ট্র ওই ঘটনায় যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে বিশ্ব মানবাধিকার পরিস্তিতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, "নাইন ইলেভেনের সাত বছর পর এখন ফিরে দেখার এবং দমনমূলক আইন ও নীতিমালা রহিত করার সময়।"
ইরাক, আফগানিস্তান এবং গুয়ানতানামোতে যুক্তরাষ্ট্রের আটক ও জিজ্ঞাসাবাদের কট্টর নীতির কারণে অন্য দেশগুলোর কাছে বিপজ্জনক বার্তা গিয়েছে এবং তারাও একইপথ অনুসরণ করতে পারে বলেও তিনি হুঁিশয়ার করে দেন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পরপরই এক বছরের মধ্যে গুয়ানতানামো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেও রবিনসন বলেন, দেশটি যে তার 'যুদ্ধ মনস্তত্ত্ব' থেকে সরে এসেছে তা প্রমাণের জন্যই তড়িৎ পদক্ষেপ প্রয়োজন।
জেনেভার ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, "অনেক মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেগুলোকে অবশ্যই আমলে নেওা উচিত।"
তিনি আরও বলেন, "আমরা আগের চেয়ে নিরাপদ হইনি। আমরা আরও বিভক্ত হয়েছি এবং মানুষ আইনের কার্যকারিতা বিষয়ে আরও নিরাশাবাদী হয়েছে।"
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান বিচারপতি আর্থার চাসক্যালসন বলেছেন, নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের হাতে নিপীড়নের আইনসহ 'সন্ত্রাসবাদ মোকাবেলার' চর্চা বিষয়ে তদন্ত শুরু করা উচিত যুক্তরাষ্ট্রের।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের চর্চা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং পদক্ষেপ নেওয়া না হলে তা দিন দিন স্বাধীনতা খর্ব করতে থাকবে।
এই বিচারপতি বলেন, "পাঁচ থেকে দশ বছর আগে আমাদের যে অধিকার ছিল এখন আমরা সবাই তারচেয়ে কম ভোগ করি। যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তা আরও কমতেই থাকবে।"
প্রতিবেদনে বলা হয়, অনেক অগণতান্ত্রিক দেশও নিজেদের অপচর্চাকে বৈধ করার জন্য যুক্তরাষ্ট্রের দৃষ্টান্ত হাজির করছে। এ প্রবণতাকে খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করেন রবিনসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭২৭ ঘ.
bdnews24