ওয়াশিংটন, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্কিন কংগ্রেসে শুক্রবার ৭৮৭ বিলিয়ন ডলারের অর্থনৈতিক পুনরুদ্ধার বিল পাশের পর মঙ্গলবার ডেনভারে এই বিলে সই করবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের এক কর্মকর্তা শনিবার একথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের পথে বিলটিকে একটি বড় ধরনের মাইলফলক বলে শনিবার প্রশংসা করেন ওবামা। একইসঙ্গে এই পরিকল্পনাকে দ্রুত কার্যকর করার অঙ্গীকার করেন তিনি।
শিকাগো থেকে সাপ্তাহিক বেতার ভাষণে ওবামা বলেন, "আমি খুব শিগগিরি বিলটি আইনে পরিণত করব এবং লোকজনকে কাজে ফিরিয়ে আনতে অবিলম্বে প্রয়োজনীয় বিনিয়োগ শুরু করব।"
মারাত্মক মন্দা থেকে দেশকে রক্ষা করতে এই বিলের মাধ্যমে জরুরি ব্যয় মিটানো ও কর হ্রাসের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রতিনিধি পরিষদে ২৪৮-১৮৩ ভোটে বিলটি পাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সিনেট বিলটি অনুমোদন করে। সিনেটে পক্ষে পড়েছে ৬০ এবং বিপক্ষে পড়েছে ৩৮ ভোট। যুক্তরাষ্ট্রে ব্যাংকিং খাতের সংকটের কারণে ঋণ প্রদান প্রায় বন্ধ হয়ে যাওয়া এবং লোকজনের চাকরি হারানোর হার বেড়ে ৭ দশমিক ৬ শতাংশে পৌঁছানোর প্রেক্ষাপটে অর্থনীতি রক্ষায় কংগ্রেস সেরা কী পদক্ষেপ নেয় তা নিয়ে গত এক সপ্তাহ ধরে তুমুল তর্ক চলেছে দেশটিতে। বিশ্বের বিভিন্ন পুঁজিবাজার ও সরকারগুলোর চোখও ছিল এদিকে।
চূড়ান্ত ভোটাভুটির পর সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান ড্যানিয়েল ইনোয়ি বলেছেন, "এর মাধ্যমে সমস্যা রাতারাতি দূর হয়ে যাবে না।"
হাওয়াইয়ের এই ডেমোক্র্যাট সিনেটর এটাও বলেন, "এর মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হবে...সংকট থেকে বের হয়ে আসতে এটা আমেরিকানদের বিশ্বাস জোগাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০২ ঘ.
bdnews24