২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে দুই বিরোধী নেতাকে কারাদণ্ড

মিয়ানমারে বিরোধীদলীয় দুই শীর্ষ নেতাকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বিরোধীদল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) শনিবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ইয়াঙ্গুন, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে বিরোধীদলীয় দুই শীর্ষ নেতাকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বিরোধীদল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) শনিবার এ খবর জানিয়েছে। এনএলডি'র মুখপাত্র নাইয়ান উইন জানিয়েছেন, ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে কঠোর নিরাপত্তার মধ্যে একটি আদালত বসিয়ে বিভিন্ন অভিযোগে শুক্রবার তাদের ঊর্ধ্বতন নেতা নাইয়ি বু এবং তিন মিন হুটুটকে এই সাজা দেওয়া হয়েছে। তাদের পক্ষে কোনো আইনজীবী বা পরিবারের সদস্যদের বিচারের সময় থাকতে দেওয়া হয়নি। দণ্ডপ্রাপ্ত এই দুই নেতা ১৯৯০ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে এনএলডি বিশাল জয় পেলেও সামরিক জান্তা নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। নাইয়ান উইন বলেন, "আসামিরা আইনজীবীদের কোনো সহযোগিতা নিতে পারেনি... আমি ভাবতে পারি না আসামি পক্ষের আইনজীবীদের উপস্থিতি ছাড়াই শুনানি কিভাবে অনুষ্ঠিত হল।" সামরিক জান্তার সাত দফায় গণতান্ত্রিক সংস্কার পরিকল্পনার সমালোচনা করে জাতিসংঘকে একটি খোলাচিঠি দেওয়ার পর গত আগস্ট মাসে এই দুই বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের ওই রায় রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়নি। এনএলডিই প্রথম শনিবার খবরটি জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি টমাস ওজেয়া কুইনতানার মিয়ানমার সফরের প্রাক্কালে বিরোধীনেতাদের কারাদণ্ড দিল সামরিক জান্তা। পাঁচদিনের সফরে কুইনতানা দেশটির রাজনৈতিক বন্দি এবং গৃহবন্দী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে আশা করা হচ্ছে। এনএলডি মুখাপাত্র নাইয়ান বলেন, "এখানে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতির সময়ে কুইনতানার এই সফরকে আমরা স্বাগত জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮২০ ঘ.