ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হয়তো ভেবেছেন 'বিপর্যয়' 'সংকট' 'দুর্যোগ' এই শব্দগুলো বার বার উচ্চারণ করে তার অর্থনৈতিক পুনরুদ্ধার বিলের পক্ষে কংগ্রেস ও দেশবাসীকে ভেড়াতে পারবেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাস বলছে, এ ধরনের ভীতিসঞ্চারকারী কৌশলে উল্টো ফল ফলতে পারে।
নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট বুশের 'ভয়ের রাজনীতির' কৌশলের বিরুদ্ধে ওবামা আশাবাদিতার অঙ্গীকার পৌঁছে দেন ভোটারদের কাছে। কিন্তু ক্ষমতায় আসার পর এখন তিনি বুশের একই কৌশলের দিকে ঝুঁকে পড়ে সম্ভবত সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি নিতে চলেছেন।
অর্থনীতি পুনরুদ্ধারে ব্যয়বহুল পরিকল্পনাটির পক্ষে কংগ্রেস ও জনগণের সমর্থন আদায় করার জন্য ওবামা রাজনীতিতে বহুল ব্যবহৃত 'ভয় উদ্রেককারী' কৌশল বেছে নিয়েছেন। ভীতিসঞ্চারকারী শব্দগুলো উচ্চারণ করে তিনি পরিস্থিতির ভয়াবহতার বর্ণনা দিচ্ছেন। তার এই কৌশলে কাজ হতে পারে, আবার নাও পারে।
কাটো ইনস্টিটিউটের করনীতি বিষয়ক গবেষণার পরিচালক ক্রিস এডোয়ার্ড বলেছেন, "বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে- এ জাতীয় প্রচারণায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মানুষের আস্থা নষ্ট হয়।"
সাবেক প্রেসিডেন্ট বুশ এবং তার প্রশাসন আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে আরেকটি নাইন-ইলেভেন ধরনের হামলার শঙ্কা জাগিয়ে তোলেন; ইরাক যুদ্ধের পক্ষে দেখান মারণাস্ত্রের ভয়; সন্ত্রাসী সন্দেহে কয়েক শ' লোককে বিনাবিচারে আটকে রাখতে গড়ে তোলেন গুয়ানতানামো কারাগার।
গত ২০ জানুয়ারি ওবামা ক্ষমতায় বসে মোকাবেলা করছেন ভিন্ন সংকট: অর্থনৈতিক মন্দা; প্রতিমাসে ছাঁটাই হচ্ছে হাজার হাজার কর্মী, লোকসানে পড়ে খাবি খাচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো, অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ঋণপ্রবাহ প্রায় বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। এসব সংকট সামাল দিতেই ওবামার পুনরুদ্ধার বিল।
ওবামা এ সপ্তাহে বলেছেন, "কিছু না করে বসে থাকলে বা যৎসামান্য পদক্ষেপ নিলে ঘাটতি আরও বাড়বে, ছাঁটাইয়ে সংখ্যাও বাড়বে, আয়-উপার্জনও কমে যাবে, আস্থাও কমবে মারাত্মকভাবে।"
"এই ঘাটতি সংকটকে নিয়ে যেতে পারে বিপর্যয়ের দিকে।"
গত সপ্তাহ তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ওবামা লেখেন, "আমাদের দেশ এত বেশি সংকটে পড়বে যে একসময় আমরা সেখান থেকে হয়তো আর উঠে দাঁড়াতে পারব না।"
এ ধরনের ভয় জাগানিয়া ভাষা ব্যবহারের কারণে লোকজন ভীত হয়ে হয়তো ওমাবার পরিকল্পনা সায় দেবেন। তবে এটা তাকে বিপরীত দিকেও ঠেলে দিতে পারে।
ব্র"কিংস ইনস্টিটিউটের শাসন বিষয়ক গবেষণা বিভাগের পরিচালক ডারেল ওয়েস্ট বলেন, "এই কৌশল দুইপ্রান্তেই ধারালো তলোয়ারের মতো। দু'দিকেই কাটে তা। ওবামার কথায় একদিকে পুনরুদ্ধার পরিকল্পনার পক্ষে তৎপর হতে কংগ্রেসের ওপর চাপ বাড়ছে ঠিকই, অন্যদিকে, লোকজন সত্যিই ভীত হয়ে ব্যয় কমিয়ে দিচ্ছে। যার ফলে প্রলম্বিত হবে চলমান মন্দা।
যুক্তরাষ্ট্রের আরও অনেক প্রেসিডেন্টও এরকম ভয়ের-কার্ড খেলেছিলেন। প্রেসিডেন্ট জিমি কার্টার জ্বালানি সংকট মোকাবেলায় ১৯৭৯ সালে 'সংকট সামাল দেওয়ার' যে বক্তৃতা দিয়েছিলেন তাতে সংকট বেড়ে গিয়েছিল বহুগুণ। "জ্বালানি সংকট সত্যি, সারা বিশ্বেই তা শুরু হয়েছে। আমাদের দেশে তা স্পষ্ট ও মূর্তিমান বিপদ হয়ে দেখা দিয়েছে।"
তার এই ভাষণের পর পেট্রোল পাস্পগুলোর সামনে লম্বা লাইন পড়ে যায়। আকাশ ছোঁয়া হয় মূল্যস্ফীতি।
জিমি কার্টার এক মেয়াদের পরই বিদায় নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০০ ঘ.
bdnews24