নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র তৈরি ও রক্ষাণাবেক্ষণের দায়িত্ব জ্বালানি মন্ত্রণালয়ের হাত থেকে সরিয়ে পেন্টাগনের হাতে অর্পণ করতে চায় হোয়াইট হাউস। নিউ ইয়র্ক টাইমস শনিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
এ পরিবর্তন আনা হলে পরমাণু বোমা বানানোর বিষয়ে গত ৬০ বছরের নিয়ন্ত্রণ হারাবে যুক্তরাষ্ট্রের বেসামরিক প্রশাসন। অবশ্য পত্রিকাটি বলেছে, এর ফলে জ্বালানি গবেষণা, উৎপাদন এবং সংরক্ষণ নিয়ে অনেক বেশি মনোযোগ দিতে পারবে জ্বালানি মন্ত্রণালয়।
নিউ ইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য এ পরিবর্তনের প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তরের ব্যয় এবং সুবিধাদি নিরূপণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুটিকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
এ পরিবর্তনের আওতায় পরমাণু অস্ত্র তৈরির দুটি জাতীয় গবেষণাগার, নেভাডায় পরমাণু অস্ত্র পরীক্ষার কেন্দ্র এবং পরমাণু বোমা বানানোর ও সেসবের জ্বালানি মজুদের চারটি নিউক্লিয়ার প্ল্যান্টের পুরোপুরি কিংবা আংশিক নিয়ন্ত্রণ চলে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের হাতে।
তবে, তেজষ্ক্রিয়দূষণে আক্রান্ত অস্ত্র ঠিকঠাক করার প্ল্যান্টগুলো জ্বালানি মন্ত্রণালয়ের হাতেই থেকে যাবে।
এ বিয়টি পর্যালোচনার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬১৫ ঘ.
bdnews24