আদ্দিস আবাবা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- আফ্রিকান ইউনিয়নের (এইউ) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়ে সোমবার অভিষেক ভাষণে 'ইউনাইটেড স্টেটস অব আফ্রিকা' গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি।
আফ্রিকান ইউনিয়নের ৫৩ সদস্য ইথিওপিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে সোমবার এক রুদ্ধদ্বার বৈঠকে লিবিয়ার নেতা গাদ্দাফিকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। উজ্জ্বল সোনালি গাউন ও ক্যাপ পরে গাদ্দাফি বিদায়ী চেয়ারম্যান তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিকয়েতের কাছ থেকে দায়িত্বভার নেন। আফ্রিকার অন্যান্য নেতারা এ সময় তাকে 'রাজাদের রাজা' উপাধিতে ভূষিত করে।
আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে অভিষেক ভাষণে গাদ্দাফি বলেন, "আমাদের স্বার্বভৌম দেশগুলো ইউনাইটেড স্টেটস অব আফ্রিকা অর্জনের লক্ষ্যে কাজ চালিয়ে যাক-- এ বিষয়টিতেই আমি জোর দিয়ে যাব।"
সম্মেলনে উপস্থিত আফ্রিকান নেতাদেরকে গাদ্দাফি বলেন, আফ্রিকা মহাদেশে তার ঐক্যবদ্ধ সরকার গঠনের পরিকল্পনা বড় ধরনের কোনও বিরোধিতার মুখে না পড়লে আগামী জুলাইয়ের বৈঠকে অনুমোদন পাবে।
আফ্রিকান ইউনিয়ন সাধারনত ঐকমত্যের ওপর নির্ভর করেই কোনও সিদ্ধান্তে পৌঁছে।
গাদ্দাফি বলেন, ঐক্যের সিদ্দান্ত নাকচ করে দেওয়ার জন্য যথেষ্ট সদস্যের বিরোধিতা না থাকলে এটি গৃহীত হয়েছে বলেই আমরা ধরে নেব।"
তিনি আরও বলেন, "ইসলামে একটি নিয়ম আছে, মৌনতাই সম্মতির লক্ষণ। তোমরা যদি কাউকে কিছু বল, আর প্রত্যুত্তরে সে কিছু না বললে ধরে নিতে হবে সে বিষয়টি স্বীকার করে নিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪০৫ ঘ.
bdnews24