কোয়েটা, ফ্রেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের কোয়েটায় বন্দুকধারীরা সোমবার শরণার্থী বিষয়ক জাতিসংঘের এক কর্মকর্তাকে অপহরণ করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে ওই কর্মকর্তার গাড়িচালককে গুলি করে হত্যা করার পর বন্দুকধারীরা তাকে ধরে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অপহৃত জন সোলেস্কি কোয়েটায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের (ইউএনএইচসিআর) প্রধান। তিনি অফিসে যাওয়ার সময় তার গাড়ির গতিরোধ করে গুলি চালানো হয়।
কোয়েটায় পুলিশের কর্মকর্তা ওয়াজির খান রয়টার্সকে বলেন, "চালককে হত্যা করে সোলেস্কিকে তুলে নিয়ে যায় বন্দুকধারীরা। এখনও কেউ এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।"
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করলে গাড়িটি একটি বাড়ির দেয়ালে ধাক্কা খায়।
ইসলামাবাদে জাতিসংঘের মুখপাত্র আমেনা আলী কামাল বলেছেন, "চালকের দুর্ভাগ্যজনক মৃত্যু এবং ইউএনএইচসিআর এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপহরণের ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।"
তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
কোয়েটার অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, অপহরণকারীরা সোলেস্কিকে যাতে আফগানিস্তানে নিয়ে যেতে না পারে সে জন্য কোয়েটার ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আফগানিস্তানে ঢোকার প্রধান প্রবেশ পথ চ্যামনসহ অন্যান্য পয়েন্টগুলোতে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত একবছরে পাকিস্তানে, বিশেষকরে উত্তর-পশ্চিমের আফগান সীমান্ত এলাকায় অপহরণের ঘটনা বেড়ে গেছে। মুসলিম জঙ্গিরা বেশ কয়েকজন বিদেশিকে সেখানে অপহরণ করেছে। একজন চীনা ও একজন পোলিশ প্রকৌশলী এবং দুই আফগান কূটনীতিককে তালেবান জঙ্গিরা অপহরণ করেছে বলে ধারণা করা হয়। তারা এখনো মুক্তি পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৬৪৬ ঘ.
bdnews24