বেইজিং, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হেরোইন চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও চার বিদেশিকে মৃত্যুদণ্ড দিতে পারে চীন। বৃহস্পতিবার হংকংয়ের একটি সংবাদপত্র একথা জানিয়েছে।
হেরোইন চোরাকারবারের দায়ে কয়েকদিন আগে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। এ নিয়ে চীন ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
বেইজিং সমর্র্র্থিত 'তা কুং পাও' সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টে শেনঝেন থেকে ১শ' ৪৪ দশমিক ৫ কেজি হেরোইনসহ আটক নয়জনের মধ্যে চারজন বিদেশি রয়েছে।
প্রতিবেদনে শেনঝেনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "চীনা আইনের আওতায় তাদের চরম শাস্তি দেওয়া হতে পারে।"
তবে এ চারজন কোন দেশের নাগরিক প্রতিবেদনটিতে তা জানানো হয়নি।
হেরোইন চোরাচালানের দায়ে ব্রিটিশ নাগরিক আকমল শেখকে মঙ্গলবার ফাঁসি দেয় চীন।
আকমলকে মানসিকভাবে অসুস্থ দাবি করা সত্ত্বেও তাকে ফাঁসি দেওয়ায় চীন সরকারের ব্যাপক নিন্দা করেছে ব্রিটেন ও তার পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬০০ ঘ
bdnews24