করাচি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- করাচিতে আশুরার শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহতের ঘটনার দায় বুধবার স্বীকার করেছে পাকিস্তানের তালেবানরা। একইসঙ্গে দেশে আরও হামলা চালানোর হুমকিও দিয়েছে তারা।
পাকিস্তানে তালেবান আন্দোলনের দল 'তেহরিক-ই-তালেবান পাকিস্তান' (টিটিপি) এর এক কমান্ডার আসমাতুল্লাহ শাহীন বলেন, "আমার দল করাচিতে বোমা হামলার দায় স্বীকার করছে। আমরা আগামী ১০ দিনের এ ধরনের আরও হামলা চালাব।" পেশাওয়ারে রয়টার্সের এক সাংবাদিককে টেলিফোনে একথা বলেন শাহীন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক চাপের মুখে থাকার এই সময়ে তালেবানদের কাছ থেকে নতুন করে আরও বোমা হামলার এই হুমকি এল।
ওয়াশিংটনের চাপের মুখে থেকেও জারদারি এখন পর্যন্ত তালেবানদের রুখে দাঁড়ানোর কার্যকর কোনও কৌশল নির্ধারণ করতে পারেননি।
এরই মধ্যে গত সোমবার শিয়া মুসলিমদের আশুরার শোভাযাত্রায় তালেবানদের ওই বোমা হামলায় এটি স্পষ্ট যে, জারদারি অনেক বড় চ্যালেঞ্জের মুখে আছেন। ২০০৭ সালের পর করাচিতে এটিই সবচেয়ে বড় বোমা হামলার ঘটনা।
দেশের উত্তপশ্চিমে ঘাঁটি গাড়া তালেবানরা কিভাবে তাদের সরকার পতনের মিশনে প্রধান নগরীগুলো কব্জা করে ফেলছে এ রক্তক্ষয়ী ঘটনায় সেটিই প্রতীয়মান হচ্ছে।
পাকিস্তানের ধর্মীয় ও রাজনৈতিক নেতারা করাচিতে বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানাতে শুক্রবার সর্বাত্মক ধর্মঘট ডেকেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৪ ঘ.
bdnews24