২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার প্রতিবাদে পাকিস্তানে ধর্মঘট আহ্বান

করাচিতে আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহতের ঘটনার নিন্দা-প্রতিবাদে শুক্রবার ধর্মঘট ডেকেছেন পাকিস্তানের ধর্মীয় ও রাজনৈতিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

করাচি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- করাচিতে আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহতের ঘটনার নিন্দা-প্রতিবাদে শুক্রবার ধর্মঘট ডেকেছেন পাকিস্তানের ধর্মীয় ও রাজনৈতিক নেতারা। করাচিতে গত সোমবার শিয়া মুসলিমদের আশুরার শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলা হয়। এ ঘটনার পর গোটা শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। শহরের প্রায় ৪০০ দোকান, পুলিশ ও অ্যাম্বুলেন্সসহ বহুসংখ্যক গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে শহরজুড়ে মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সুন্নি পণ্ডিত মুফতি মুনিবুর রেহমান এ হামলার জন্য পাকিস্তান কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন। তিনি বলেন, "বোমা হামলাটা বাজে ঘটনা। কিন্তু এর পরপরই শুরু হওয়া সহিংসতাটাও খুব সুপরিকল্পিত ছিল।" তিনি আরও বলেন, "আমরা চাই হামলায় যারা নিহত হয়েছে কেবল তারাই নয়, যারা জীবিকা খুইয়েছে সরকার তাদেরকেও ক্ষতিপূরণ দিক। আর সে কারণেই আমরা শুক্রবার সর্বাত্মক ধর্মঘট ডাকছি।" প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরকার বোমা হামলার জন্য তালেবানদের দায়ী করেছে। তালেবানদের ধর্মীয় গোঁড়ামি নিয়ে পাকিস্তানের অনেকেই ক্ষুব্ধ। করাচিতে বোমা হামলার ঘটনায় দেশে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে পাকিস্তান সরকারের প্রতি জনগণের সন্দেহ বাড়ছে। করাচির এক ক্লিয়ারিং এজেন্সিতে কর্মরত নোমান আহমেদ বলেন, "দেশে কোথাও কিছু হলেই এ সবকিছুর জন্য সরকার তালেবানদের দোহাই দিয়ে পার পেতে চাইছে।" তিনি আরও বলেন, "যে সুসংগঠিত পন্থায় এ সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে তাতে এটি পরিস্কার যে, সন্ত্রাসীরা হয় সরকারের কাছ থেকে নয়ত পাকিস্তানকে অস্থিতিশীল করতে ইচ্ছুক এমন কোনও রাষ্ট্রের কাছ থেকে মদদ পাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫ ঘ.