নিউ ইয়র্ক, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাক ও আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন সেনাদের বিষন্নতার ঝুঁকি বাড়ছে। নতুন একটি গবেষণায় একথা বলা হয়েছে।
ওহাইয়োর রিট প্যাটারসন মার্কিন বিমান ঘাঁটির গবেষণাগারের গবেষক টিমোথি এস ওয়েলস যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৪০ হাজারেরও বেশি সদস্যের ওপর এ গবেষণা চালিয়েছেন। ইরাক ও আফগানিস্তানে মোতায়েন হওয়ার আগে যাদের মধ্যে বিষন্নতার কোনও ছাপ ছিল না এবং উত্তেজনা, মানসিক চাপ কিংবা বিষন্নতা রোধে যারা কোনও পথ্যও নেয়নি।
২০০০ সাল থেকে ২০০৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব শাখাতেই এ গবেষণা পরিচালানা করা হয়। এতে দেখা গেছে, যারা যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে তাদের মধ্যেই নতুন করে বিষন্নতায় ভোগার হার সর্বাধিক।
যুদ্ধে মোতায়েন পুরুষ সেনাদের ৬ শতাংশ আর নারীদের প্রায় ১৬ শতাংশ বিষন্নতায় ভুগছে। অন্যদিকে, যারা যুদ্ধে মোতায়েন হয়নি তাদের মধ্যে এ হার পুরুষদের ক্ষেত্রে ৪ শতাংশ আর নারীদের ক্ষেত্রে ৮ শতাংশ। আর লড়াইয়ের মুখোমুখি হয়নি এমন পুরুষ সেনাদের ক্ষেত্রে এই হার ২ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ৫ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৭ ঘ.
bdnews24