রামাদি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরাকে রামাদিতে বুধবার দুই আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত এবং প্রাদেশিক গভর্নরসহ ৪০ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
বাগদাদের ১০০ কিলোমিটার পশ্চিমে রামাদি শহরের কেন্দ্রস্থলে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন পুলিশ কর্নেল জব্বার আজাজ। এর একটু পরই কাছাকাছি এলাকায় আরেকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়।
আহতদের অনেকেই ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
আনবার প্রদেশের গভর্নর কাশিম মোহাম্মদ হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। রামাদি হাসপাতালের একটি সূত্র একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩২ ঘ.
bdnews24