তেহরান, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের বিরোধীদলীয় নেতাদের 'আল্লাহর শত্র"' আখ্যা দিয়ে শরিয়া আইনে তাদের মৃত্যুদণ্ড দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির এক সহযোগী। অন্যদিকে, সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার বিরুদ্ধে বুধবার বিরোধীদলকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের পুলিশ প্রধান।
বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভির সমর্থকদের হুঁশিয়ার করে দিয়ে পুলিশ প্রধান ইসমাইল আহমাদি মোকাদম বলেন, তারা সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিলে কেবল কঠোর ব্যবস্থারই শিকার হবে।
তিনি আরও বলেন, "অবৈধ সরকারবিরোধী সমাবেশে অংশ নেওয়ার কোনও সুযোগ নেই এবং যারা এতে অংশ নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের চূড়ান্ত বিচারও করা হবে।" ইরনা বার্তা সংস্থা একথা জানিয়েছে।
বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিরোধীদলকে দোষারোপ করে বুধবার সরকার পন্থি বিক্ষোভ-সমাবেশ করেছে হাজার হাজার সরকার সমর্থক।
অস্থিরতা সৃষ্টির জন্য বিরোধীদলীয় নেতাদের শাস্তি দেওয়ার দাবিতে সরকারপন্থিদের এক মিছিলের পর খামেনির সহযোগী আব্বাস ভায়েজ-তাবাসি তাদের শরিয়া আইনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত বলে মন্তব্য করেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির এ প্রতিনিধি বলেন, "দেশের বর্তমান অস্থিতিশীলতা যারা সৃষ্টি করছে ... তারা মোহারেব (আল্লাহর শত্র") এবং মোহারেবের শাস্তির আইন খুবই পরিস্কার।"
ইসলামি এ দেশটির শরিয়া আইন অনুযায়ী 'মোহরারেব'র শাস্তি মৃত্যুদণ্ড।
সরকারবিরোধী বিক্ষোভে আটজন নিহত হওয়ার দুই দিন এ কঠোর শাস্তি দাবি করলেন তাবাসি।
জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই কারচুপির অভিযোগে বিক্ষোভ করে আসছে সংস্কারপন্থি বিরোধী দল। ওই নির্বাচনে ইরানের কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।
সরকারপন্থি ও বিরোধী দল পাল্টাপাল্টা কর্মসূচি ও সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করায় ইরানের রাজনৈতিক অস্থিতিশীলতা নতুন মোড় নিয়েছে।
রোববার থেকে এ পর্যন্ত বিরোধী দলের কমপক্ষে ২০ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিরোধী দলের নেতা মীরহোসেন মুসাভির তিনজন উপদেষ্টাও রয়েছে। এছাড়াও শান্তিতে নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী শিরিন এবাদির এক বোনকেও গ্রেপ্তার করা হয়েছে।
ফরাসি রেডিওকে দেওয়া এক বক্তব্যে শিরিন এবাদি জানিয়েছেন, বোনকে গ্রেপ্তার করে তাকে নীরব করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
এবাদি বলেন, " এ গ্রেপ্তার বেআইনি। আমার বোন দাঁতের চিকিৎসক। সে কোনোভাবেই রাজনীতির সঙ্গে সে জড়িত নয় এবং কখনো কোনো বিক্ষোভেও অংশ নেয়নি।
তিনি আরও জানান, গোয়েন্দা কর্মকর্তারা সোমবার রাতে বাসায় ঢুকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তার বোনকে ধরে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/এলকিউ/২১৩৩ ঘ.
bdnews24