২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানজুড়ে সরকার-পন্থি বিক্ষোভ, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব

ইরানে মঙ্গলবার সরকারের হাজার হাজার সমর্থক বিক্ষোভ-সমাবেশ করেছে। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিরোধীদলীয় নেতাদের শাস্তি দাবি করেছে তারা। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। ওদিকে, তেহরানের ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

তেহরান, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানে মঙ্গলবার সরকারের হাজার হাজার সমর্থক বিক্ষোভ-সমাবেশ করেছে। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিরোধীদলীয় নেতাদের শাস্তি দাবি করেছে তারা। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। ওদিকে, তেহরানের ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান কর্তৃপক্ষ। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ না করলে ব্রিটেনকে চপেটাঘাত করার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি। এক সাংবাদিক সম্মেলনে মোত্তাকি বলেন, "ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটেনের হস্তক্ষেপের বিষয়টি নিয়ে সাবধান করে দেওয়ার জন্যই ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। ব্রিটেন কান্ডজ্ঞানহীন বাক্যালাপ বন্ধ না করলে তাদের মুখে চপেটাঘাত করা হবে।" ওদিকে, ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরও বলেছে, রাষ্ট্রদূত ব্রিটিশ সরকারের ইরান সম্পর্কিত বিবৃতির কোনওরকম সমালোচনার কড়া জবাব দেবে। বিবৃতিতে ইরানকে মানবাধিকার এবং দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে ব্রিটেন। ইরানের সংস্কারপন্থি দলগুলো মঙ্গলবার দুদিনের সরকার বিরোধী বিক্ষোভে ৮ জন নিহতের ঘটনার জন্য শাসকদের জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে। সংস্কারপন্থি 'ইসলামিক ইরানস পার্টিসিপেশন ফ্রন্ট' এক বিবৃতিতে বলেছে, "বর্তমান সঙ্কট থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আইনের প্রতি কর্তৃপক্ষের সম্মান প্রদর্শন এবং জাতির কাছে ক্ষমা চাওয়া।" অন্যদিকে, পাল্টা সরকারপন্থি বিক্ষোভ-সমাবেশে যোগ দেওয়া হাজার হাজার সমর্থক ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য জীবন উৎসর্গ করার দাবিতে স্লোগান দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। দেশব্যাপী স্বতঃস্ফুর্ত বিক্ষোভ হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। আশুরার দিনে বিক্ষোভের কথা উল্লেখ করে টেলিভিশনের খবরে বলা হয়েছে, রোববারের বিক্ষোভের পেছনে যারা কাজ করেছে সরকারপন্থি বিক্ষোভকারীরা তাদের শাস্তি দাবি করেছে। তবে সরকারবিরোধী আন্দোলনের কারণে ইরানে বিদেশি গণমাধ্যমের ওপর কড়াকড়ি থাকার কারণে সরকারপন্থি বিক্ষোভের গতিপ্রকৃতি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৩ ঘ.