কারাকাস, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ নববর্ষের বার্তায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে তৈরি হওয়া সব 'বিভ্রম' দূর হয়েছে এবং ধনী দেশগুলো বিশ্বেকে প্রতিবেশ-পরিবেশের ধ্বংসের কিনারায় নিয়ে গেছে।
তিনি মন্তব্য করেন, পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিশ্ব যখন চরম দুর্যোগে পড়েছে ধনী দেশগুলো তখন পাশ থেকে সরে গেছে।
কার্ল মার্ক্স ও কুমারি মেরিকে উদ্ধৃত করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, সমাজতন্ত্র ও খ্রিস্টান ধর্মের নীতিই পারে পুজিঁবাদের ভুলগুলো শুধরে দিতে।
দেশটির সরকারি গণমাধ্যমে প্রকাশিত লিখিত বার্তায় দক্ষিণ আমেরিকার এ নেতা বলেন, "আমি স্বীকার করছি, এটা সহজ কোনো কাজ নয়।"
প্রথম দিকে ওবামার সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চেয়েছিলেন ওবামা। আঞ্চলিক এক সম্মেলনে দুজনে করমোর্দন করেন এবং শ্যাভেজ একটি বই উপহার দেন ওবামাকে। তবে ক্রমান্বয়েই ওবামার কড়া সমালোচক হয়ে উঠছেন তিনি।
ওবামা আফগানিস্তানে 'সাম্রাজ্যবাদী নীতি' গ্রহণ করেছেন এবং হন্ডুরাসের অভ্যুত্থানকারী নেতাদের প্রতি নমনীয়তা প্রকাশ করছেন বলে সমালোচনা করেন শ্যাভেজ।
তিনি বলেন, "আমাদের ছেলেভুলানোর চেষ্টা করবেন না, ওবামা বিভ্রম শেষ হয়ে গেছে এবং মার্কিন প্রশাসন তা প্রমাণ করেছে।"
কোপেনহেগেনে জলবায়ু চুক্তির বিরোধিতা করেন শ্যাভেজ।
এ বিষয়ে তিনি বলেন, " যারা জলবায়ু পরিবর্তনের প্রধান ভূমিকা রেখেছে, দুর্যোগে তারা আমাদের ছেড়ে গেছে এবং সে দায় গ্রহণের জন্য তাদেরকে চাপ দিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৪৫ ঘ.
bdnews24