তেহরান, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের রাজধানী তেহরানে রোববার সরকারবিরোধী বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংস্কারপন্থি বিরোধী দলের সংঘর্ষে অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পবিত্র আশুরার দিনে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মেহদি কারৌবি।
আন্তর্জাতিক অঙ্গনেও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালি।
বিরোধীদলের জারাস ওয়েবসাইটে বলা হয়েছে, তেহরান ও অন্যান্য শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা আটজন। এর মধ্যে তেহরানে পুলিশের গুলিতে নিহত হয়েছে চারজন। বিক্ষোভ-সংঘর্ষ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে জারাস।
রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নিহতদের মধ্যে বিরোধী দলীয় নেতা মীরহোসেন মুসাভির ভাগ্নে আলি হাবিবি মুসাভি খামেনিও রয়েছেন।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ পুলিশ প্রধান আহমদরেজা রাদান বলেন, "সংঘর্ষের সময় তেহরানের পুলিশ প্রধানসহ বেশ কিছু পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।"
নিহত চারজন সম্পর্কে তিনি বলেন, "একজন সেতু থেকে পড়ে মারা যায়। দুজন গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে। আর অপরজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তবে তা পুলিশের গুলিতে নয়।"
ওদিকে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করেছে বলে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের বিরোধিতা করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল।
টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকাগুলি ছুঁড়েছে।
জারাস জানিয়েছে, তেহরানে রোববার রাত পর্যন্ত সংঘর্ষ চলে এবং কিছু কিছু স্থানে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
এ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তাজরিশ স্কয়ারের কাছাকাছি স্থানে (রাষ্ট্রায়ত্ব বেতার ও টেলিভিশন কেন্দ্রে কাছে) বেশ কিছু বিক্ষোভকারী জড়ো হয়। যখন বিক্ষোভকারীদের সংখ্যা আরও বেড়ে যায় তখন পুলিশের সহিংসতাও বেড়ে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, কাঁদানে গ্যাস ছুড়লেও পুলিশ বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে পারেনি।
জারাস জানায়, পবিত্র শহর কোমসহ ইরানের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এছাড়া শিরাজ, ইসফাহান, নাজাফাবাদ, মাশাদ ও বাবুল শহরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে।
'যারা আমাদের ভাইদের হত্যা করেছে আমরা তাদেরকে হত্যা করব' বলে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলো বলেও এতে জানানো হয়।
তবে তাৎক্ষণিকভাবে রিপোর্টটির সত্যাসত্য যাচাই করা যায়নি।
প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে বিরোধী দলের বিক্ষোভের চিত্র যাতে তুলে ধরতে না পারে এজন্য বিদেশি গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ওদিকে, রাষ্টায়ত্ব টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে জানানো হয়, রোববার তেহরানে ৩শ' এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভের সময় বেশ কিছু ব্যাংক, বাস স্টপেজে আগুন লাগানো হয় বলেও এতে জানানো হয়।
রোববার সন্ধ্যায় বিরোধী দলের সমর্থকরা বাড়ির ছাদে উঠে 'আল্লাহু আকবার' বলে চিৎকার করতে থাকে। এলাকায় গুলির শব্দও শোনা যায়।
আয়াতুল্লাহ আলি খামেনির এক প্রতিনিধি মুজতবা জোলনুর বলেন, "এতদিন ধরে দেশের জনগণ ধৈর্য ধারণ করে আছেন। কিন্তু তাদের জানা উচিত যে ধৈর্যের একটি সীমা রয়েছে।"
বিদেশি গণমাধ্যমের আহ্বানে মুসাভির সমর্থকরা রাস্তায় নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।
মুজতবার উদ্ধৃতি দিয়ে ফারস সংবাদ সংস্থা জানায়, বিক্ষোভকারীরা সরকারি ও ব্যক্তিগত সম্পদ নষ্ট করেছে এবং আশুরার পবিত্রতা নষ্ট করেছে।
গত জুন মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পর ইরানে এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।
ইরানের এ বিক্ষোভ-সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক স
bdnews24