২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ফেরিডুবিতে নিহত ৪, নিখোঁজ ২১

ফিলিপাইনে একটি ফেরি ডুবে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২১ যাত্রী। এক সপ্তাহেরও কম সময়ে ফিলিপাইনে এটি ২য় ফেরিডুবির ঘটনা। কর্মকর্তারা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 09:12 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ম্যানিলা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে একটি ফেরি ডুবে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২১ যাত্রী। এক সপ্তাহেরও কম সময়ে ফিলিপাইনে এটি ২য় ফেরিডুবির ঘটনা। কর্মকর্তারা রোববার একথা বলেছেন। সেনাবাহিনীর সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছে উপকূলরক্ষী বাহিনীর বিমান ও হেলিকপ্টার। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ফেরিটি শনিবার ৮৮ জন যাত্রী ও নয়টি কার্গো ট্রাক নিয়ে মিনডোরো দ্বীপের কালাপান থেকে লুজোন দ্বীপের বাতানগাস বন্দরে যাওয়ার সময় ডুবে যায়। কালাপান থেকে বাতানগাস যেতে সময় লাগে মাত্র দু'ঘন্টা। রয়টার্সকে লে. কমাণ্ডার আরমান্ড বালিলো বলেন, "যাত্রা শুরুর প্রায় আধ ঘন্টা পর ফেরিটি কাত হয়ে এতে পানি ঢুকতে শুরু করে এবং অল্প কয়েক মিনিটের মধ্যেই ভার্দ দ্বীপ থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে তা ডুবে যায়।" তিনি জানান, দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তিনটি জাহাজ দুর্ঘটনা কবলিত ফেরিটির ৬৩ জন ক্রু ও যাত্রীকে উদ্ধার করেছে। আর অন্যদিকে, উদ্ধারকারী দল দুই শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী এরিক মুসঙ্গি বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "দুর্ঘটনাটি খুব দ্রুত ঘটে। তখন আমি ঘুমাচ্ছিলাম। কিন্তু অল্প কিছুক্ষণ পরেই দেখি অমি ভাসছি।" তিনি বলেন, "যাত্রীরা পানিতে ডুবে যাওয়ার সময় সাহায্যের জন্য চিৎকার করছিল এবং তাদের পরিবারের সদস্য ও আত্মীয়দের নাম ধরে ডাকছিল। আমার মা এবং বড় বোনের কি অবস্থা হয়েছে তা আমি জানি না।" ওদিকে, ফিলিপাইন ন্যাশনাল রেড ক্রসের প্রধান সিনেটর রিচার্ড গর্ডন সাংবাদিকদের বলেন, "জাহাজটি ডুবে যাওয়ার আগে সবাইকে সতর্ক করার সময় কম থাকায় নিখোঁজদের অনেকেই ফেরির সঙ্গে তলিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।" তিনি বলেন, "উদ্ধারকৃত ক্রু ও যাত্রীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, জাহাজের অবস্থা সম্পর্কে যাত্রীদের জানানোও সম্ভব হয়নি। অনেকে লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে লাফিয়ে পড়ে।" গত বৃহস্পতিবার লুবাঙ্গ দ্বীপের উদ্দেশে যাত্রাকারী একটি জাহাজের সঙ্গে ম্যানিলায় একটি মাছ ধরার নৌকার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়। এ দুঘর্টনায় এখন পর্যন্ত প্রায় ২৪ জন নিখোঁজ রয়েছে। ফিলিপাইনে যাতায়াতের সবচেয়ে উপযোগী বাহন ফেরি। দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ দরিদ্র হওয়ায় এটি তাদের জন্য অনেকটাই সহজলভ্য। তবে অতিরিক্ত যাত্রী বহন, অব্যবস্থাপনা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিতে প্রায়ই ফেরি দুর্ঘটনা হয়ে থাকে। বালিলো জানান, পরিবহন বিভাগ দুর্ঘটনা কবলিত ফেরিটির কোম্পানির কাজ বন্ধ করে দিয়েছে এবং ভবিষ্যতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি পরিদর্শনের নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫০৪ঘ.