ওয়াশিংটন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক নাইজেরীয়র বিমান উড়িয়ে দেওয়ার ব্যর্থচেষ্টার পর যুক্তরাষ্ট্রগামী সব বিমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কড়া তল্লাশির মধ্য দিয়ে বিমানে উঠতে হচ্ছে যাত্রীদের।
বিমান ও নিরাপত্তা কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, যাত্রীদের আপাদমস্তক তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে। ভ্রমণের শেষ এক ঘণ্টায় আসন থেকে না ওঠার নির্দেশও দেওয়া হয়েছে।
এয়ার কানাডা যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের নির্দিষ্ট সময়ের আগে বিমানবন্দরে পৌঁছতে বলেছে, যাতে ভালোভাবে তল্লাশি চালানো যায়।
কানাডার সবচেয়ে বড় এ এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে বলেছে, "প্রয়োজনে ফ্লাইট বিলম্ব কিংবা বাতিল হতে পারে। এছাড়া যাত্রীদের ব্যাগে কোনো মালামাল বহন করতে দেওয়া নাও হতে পারে।"
এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনেস্ট্রশন এর আরোপিত বিধি নিষেধ অনুযায়ী বিমানের যাত্রী ও ক্রুদের কার্যক্রমের ওপরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে ভ্রমণের সময় সেবারও কিছু তারতম্য হতে পারে।
এছাড়া ভ্রমণের শেষ ঘণ্টায় যাত্রীদের নিজ নিজ আসনে বসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাগের জিনিসপত্র নাড়াচাড়া ও জিনিসপত্র কোলের ওপর না রাখতে বলা হয়েছে।
সিঙ্গাপুর সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের অতিরিক্ত তল্লাশির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
বড়দিনের পর এবং নতুন বছর শুরুর ঠিক আগে ইউরোপের যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি ও স্পেনও যুক্তরাষ্ট্রগামী বিমানগুলোর যাত্রীদের তল্লাশির পরই বিমানে উঠতে দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, শুক্রবার আমস্টার্ডাম থেকে ডেট্রয়েটগামী ডেল্টা এয়ারলাইন্সের যাত্রী নাইজেরিয়ার নাগরিক ওমর ফারুক আবদুল মুতালিব বিস্ফোরক দিয়ে বিমানটি উড়িয়ে দেওয়ার চেষ্টা চালান।
অগ্নিদগ্ধ অবস্থায় গ্রেপ্তারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। ওমর আল কায়দার সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২৩৬ ঘ.
bdnews24