লন্ডন, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটিশ রানি এলিজাবেথ শুক্রবার বড় দিনের বার্তায় সশস্ত্রবাহিনীকে অভিনন্দন জানান। এছাড়া অর্থনৈতিক মন্দার দিকে ইঙ্গিত করে ২০০৯ সালকে 'কঠিন বছর' বলেও উল্লেখ করেন তিনি।
বার্তার শুরুতে রানি বলেন, "প্রতিটি বছর আলাদা আলাদাভাবে কাটে। কিছু কিছু বছর আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক, কিছু আমরা ভুলে যেতে পারলেই যেনো বাঁচি। ঠিক তেমনি যারা অর্থনৈতিক মন্দায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০৯ সাল তাদের অনেকের জন্যই কঠিন বছর ছিল।"
ব্রিটেনের সেনাবাহিনী আনুষ্ঠানিক প্রধান রানি এলিজাবেথ। তিনি জানান, আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের হতাহতের বিষয়টি তাকে কষ্ট দিয়েছে।
রানি বলেন, "আমাদের মিত্রদের সঙ্গে একত্র হয়ে আমাদের ছেলেরা যে কাজ করছে তার জন্য আমরা গর্বিত।"
এ বছর আফগানিস্তানে সর্বোচ্চ সংখ্যক ব্রিটিশ সেনা নিহত হয়েছে। এ সংখ্যা ১০৬।
বিশ্বের প্রায় ৮০টি দেশে ব্রিটিশ সেনা মোতায়েন আছে। এর মধ্যে ১০ হাজারই আফগানিস্তানে।
রাণীর এ বার্তাটি আগেই বাকিংহাম প্যালেসে ধারণ করা হয়েছিল। ৫৭ তম এ বার্তায় রানি কমনওয়েলথ এর ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে এর সব সদস্য রাষ্ট্রের উদ্দেশ্যে কথা বলেন।
ব্রিটেনে ক্রিসমাসের ঐতিহ্যগত অংশ হিসেবে রানির এ ভাষণ রেডিও-টেলিভিশন এবং ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪২১ ঘ.
bdnews24