পাতোং, থাইল্যান্ড, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হাজার হাজার থাই বৌদ্ধ ভিক্ষু ভারত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ সুনামির পঞ্চম বার্ষিকীতে শনিবার নিহতদের জন্য প্রার্থনা করছে।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে এশিয়ার উপকূলীয় অঞ্চলে প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ মারা যায়।
থাইল্যান্ডের ছোট্ট একটি গ্রামের ৫ হাজার অধিবাসীর প্রায় অর্ধেকই সেদিন মারা যায়। আন্দামান সাগরের তীরে অবস্থিত বান নাম খেম নামের গ্রামটিতে মূলত মৎস্যজীবীদেরই বসবাস। ভয়াবহ ওই সুনামির স্মরণে গ্রামটিতে জড়ো হয়েছেন থাই ভিক্ষুরা।
বান নাম খেম গ্রামের একজন কুলারব প্লিয়ামিয়াই। সুনামিতে তিনি পরিবারের ১০ সদস্যকে হারিয়েছেন। তিনি বলেন, "সব দেশের নাগরিকদের আত্মা; যে যেখানে আছেন সেখান থেকেই ভিক্ষুদের এ প্রার্থনা গ্রহণ করুন।"
ইন্দোনেশিয়ার বান্দা আচেহ এর যারা ওই ভয়াবহ সুনামি থেকে বেঁচে গেছেন তারাও স্মরণ করেছেন হারানো স্বজন ও দেশবাসীদের। একটি মসজিদে সমবেত হয়ে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
দেশটির সুমাত্রা দ্বীপের সাগরতলের এক ভূমিকম্পের ফলে ওই সুনামির সৃষ্টি হয়। এর ফলে প্রায় ৩০ মিটার উচুঁ দৈত্যাকৃতির ঢেউ সৃষ্টি হয়। যার আঘাতে সবচেয়ে ভয়াবহতার শিকার হয়েছিল ইন্দোনেশিয়া। এতে দেশটিতে ১ লাখ ৬৬ হাজারেরও বেশি লোক মারা যায় বা নিখোঁজ হয়। ত্রাণ ও সাহায্যের মাধ্যমে বান্দা আচেহকে পুনর্র্নিমাণ করা হলেও সেখানের মানুষ আজও সুনামির ভয়াবহতা ভুলতে পারেনি।
বান্দা আচেহ'র ইভা সুশান্তি নামের এক নারী তার বংশের ১২৫ জন সদস্যকে হারিয়েছেন এই সুনামিতে।
তিনি বলেন, "পাঁচ বছর পরে আচেহ'র মানুষের মানসিক অবস্থার পরিবর্তন শুরু হয়েছে।"
অঞ্চলটির অধিবাসীরা জানিয়েছেন, অনেক নতুন বাড়িঘর তৈরি হলেও গ্রামের অনেক লোক পাঁচ বছর পর এখনও গৃহহীন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪০৫ ঘ.
bdnews24