ডেট্টোয়েট, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এক নাইজেরীয় শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে বিমানের যাত্রী ও ক্রুরা তাকে প্রতিহত করেছে। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে। কর্মকর্তারা একথা জানিয়েছে।
ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি আমস্টার্ডাম থেকে যুক্তরাষ্ট্রে ডেট্টোয়েটে যাচ্ছিল। এতে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিল।
বিস্ফোরক ঘটানোর চেষ্টায় ওই নাইজেরীয় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। এ ছাড়া যাত্রীদের দুজন সামান্য আহত হয়। তবে তাদের নিরাপদে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়েছে এবং হামলাকারীকে আটক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, "এটা একটি সন্ত্রাসী হামলার চেষ্টা বলেই আমাদের ধারণা।"
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই মুহুর্তে ক্রিসমাসের ছুটি কাটাতে হাওয়াই রয়েছেন। তিনি সার্বক্ষণিক বিষয়টির খোঁজখবর নেন এবং হোমল্যান্ড সিকিউরিটি এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি কমিটির পিটার কিং জানান, বিস্ফোরকটি 'যথেষ্ট স্পর্শকাতর' এবং সন্দেহভাজন ২৩ বছর বয়সী এক নাইজেরীয়।
নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ফেডারেল কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তিকে আব্দুল ফারুক আব্দুলমুতাল্লাব বলে শনাক্ত করেছে।
এবিসি নিউজ ও এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সে ইউনির্ভাসিটি কলেজ লন্ডনে প্রকৌশল বিভাগে পড়াশুনা করছে।
কিং সিএনএনকে বলেন, "তার সঙ্গে সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে নথিপত্রে জানা গেছে।...আমার ধারণা তার সঙ্গে আলকায়েদার সংযোগ রয়েছে, গোয়েন্দা তথ্য অনুসন্ধান করলে নিশ্চিতভাবে চরমপন্থি সন্ত্রাসীদের তালিকা থেকে তার নাম বেরিয়ে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩০২ ঘ.
bdnews24