জাতিসংঘ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ এর শান্তি মিশনের সদস্যদের বিরুদ্ধে ওঠা যৌন অপরাধসহ অন্যান্য অভিযোগের ব্যাপারে স্বচ্ছতা প্রতিষ্ঠায় বৃহস্পতিবার একটি ওয়েবসাইট চালু করেছে।
পফঁ.ঁহষন.ড়ৎম ঠিকানার সাইটে গত তিন বছরে জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি মিশনের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে তাও জানানো হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি সদরদপ্তরে সাংবাদিকদের বলেন, "এটা প্রথম ধাপ। এ ব্যাপারে কাজ এগিয়ে যাচ্ছে।"
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিশনের সদস্যদের বিরুদ্ধে ২০০৪ সালে এ ধরনের অভিযোগের ব্যাপারে নজরদারি শুরু হওয়ার পর বিশ্ব সংস্থাটির নেতারা ওই মিশনের সংস্কার করার দাবি তোলে। দেশটির সহিংসতাপূর্ণ পূর্বাঞ্চলে মিশনের সদস্যরা অর্থ দিয়ে কমবয়সী মেয়েদের সঙ্গে যৌনসম্পর্ক করছিল বলে অভিযোগ ওঠে।
তবে ওইসব অভিযোগের অল্প কয়েকটি মাত্র প্রমাণিত হয়। কিন্তু এসব অসদাচারণের গভীরতার কারণে দ্রুত এ ব্যাপারে স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবি ওঠে।
সেখানে ১৪ বছর বয়সী কঙ্গোর একটি মেয়ে জানায়, এক সৈন্য মাত্র দুটি ডিম দেওয়ার বিনিময়ে তার সঙ্গে যৌনকর্ম করে।
নতুন এই ওয়েবসাইট থেকে জানা যায়, এমওএনইউসি নামে কঙ্গোর জাতিসংঘের শান্তি মিশনের সদস্যদের বিরুদ্ধে এ বছরেই ৪০টির বেশি অভিযোগ উঠেছে যা জাতিসংঘের যে কোনো দেশের মিশনের মধ্যে সর্বোচ্চ। লাইবেরিয়ায় ইউএনএমআইএল মিশনের সদস্যদের বিরুদ্ধে জমা পড়েছে যৌন অপকর্মের ১৫টির বেশি অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৬ ঘ.
bdnews24