তেহরান, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের নিরাপত্তা বাহিনী বুধবার দুটি শহরে ভিন্নমতাবলম্বী প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হোসেইন আলি মোন্তেজারির সমর্থকদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। বিরোধী দলের ওয়েব সাইটে একথা জানানো হয়েছে।
তবে স্থানীয় ঊর্ধ্বতন এক কমকর্তা ইসফাহান শহরে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, বিদেশি গণমাধ্যমগুলো এ ধরনের খবর প্রকাশ করে ইরানের বিরুদ্ধে 'মনস্তাত্ত্বিক যুদ্ধ' চালাচ্ছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা ইসফাহান প্রদেশের ডেপুটি গভর্নরের উদ্ধৃতি দিয়ে জানায়, "ইসফাহানে এক দলের লোক সমাবেশ করার চেষ্টা করলে 'জনগণ' তাদের ছত্রভঙ্গ করে দেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি।"
বিরোধীদের এক ওয়েবসাইটে জানানো হয়েছে, ইসফাহানের একটি মসজিদে মোন্তেজারির স্মরণ অনুষ্ঠানে সমবেতদের ওপর পুলিশ কাঁদানে ও মরিচে গ্যাস নিক্ষেপ করে।
অন্য একটি ওয়েব সাইট জানায়, লাঠি পেটাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
সংস্কারবাদীদের ওয়েবসাইট অনুযায়ী, এতে মোন্তেজারির বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছ্যে। অনেককে গ্রেপ্তার হয়েছে। তবে এ বিষয়ে নিরপেক্ষমাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩১০ ঘ.
bdnews24