২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বোমার ট্রিগার তৈরির খবরটি ভুয়া: আহমাদিনেজাদ

ইরান পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর ট্রিগার বানাতে এখন ব্যস্ত- এ ধরনের এক প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সোমবার যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে তিনি একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানোর ট্রিগার বানাতে এখন ব্যস্ত- এ ধরনের এক প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সোমবার যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে তিনি একথা বলেছেন। গত সপ্তাহে 'টাইমস অফ লন্ডন' ইরানের গোপন প্রযুক্তিগত দলিলের সূত্রের উল্লেখ করে জানায়, চারবছরের মধ্যে নিউট্টন ইনিশিয়েটরের পরীক্ষা চালানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তেহরান। পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাতে এর প্রয়োজন হয়। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগদানের সময় মার্কিন টেলিভিশন এবিসি'র সঙ্গে কথা বলেন আহমাদিনেজাদ। প্রশ্নের জবাবে টেলিভিশন চ্যানেলটিকে তিনি বলেন, "ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে যুক্তরাষ্ট্রের বানানো প্রচারণা এটি।" তিনি আরও বলেন, "ইরান পরমাণু বোমার ট্রিগার তৈরির চেষ্টা করছে এ খবর 'আসলে সত্যি নয়।" 'আগামী চার বছরে বিশেষ নিউট্রন সম্পৃক্ত কর্মসূচির বিবরণ' নামে ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। গত সপ্তাহে এ প্রতিবেদন সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেন, "এটা ভিত্তিহীন.... এতে নজর দেওয়ার কোনো কারণই নেই। ইরানের ওপর রাজনৈতিক ও মানসিক চাপ সৃষ্টির লক্ষ্যে এটা প্রকাশ করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৭০০ ঘ.