নিউ ইয়র্ক, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলো ত্রাণের ওপর অবরোধ দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলছে। এইডস/এইচআইভিতে আক্রান্ত রোগীরা চিকিৎসা তহবিলের অভাবে স্বাস্থ্য কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছে। ' ডক্টরস উইদাউট বর্ডার' এক প্রতিবেদনে বিশ্বের এমন ১০টি ভয়াবহ মানবিক সংকট তালিকাভুক্ত করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানিয়েছে, ত্রাণ প্রবেশে বাধা দিয়ে মানবিক সংকট সৃষ্টি করছে এমন দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, শ্রীলংকা ও সুদান।
এছাড়া ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান, কঙ্গো এবং সোমালিয়া বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে মানবিক সংকট তৈরি করছে।
সংস্থাটি সুদানে এইচআইভি/এইডস রোগীদের চিকিৎসার জন্য তহবিল ও অন্যান্য রোগের চিকিৎসায় অবহেলার বিষয়টিও তালিকাভুক্ত করেছে।
সংস্থাটির আন্তর্জাতিক কাউন্সিলের প্রেসিডেন্ট ক্রিস্টোফি ফোরনিয়ের এক বিবৃতিতে বলেন, "বিশ্বজুড়ে সংঘর্ষে বেসামরিক লোকেরা যে ভোগান্তির শিকার হচ্ছে এতে প্রশ্নের কোনো অবকাশ নেই এবং কখনো কখনো উদ্দেশ্যমূলকভাবে তাদের মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলোর সরবরাহ বন্ধ করে তাদের সংকটের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।"
তিনি আরও বলেন, "শ্রীলংকা ও ইয়েমেনে ২০০৯ সালে সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছায়। এসব অঞ্চলে ত্রাণ কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে অথবা তাদের ক্ষতি হওয়ার আশঙ্কায় জোর করে বের করে দেওয়া হয়েছে। আর এ অগ্রহণযোগ্য কাজ নীতিতে রূপান্তরিত হচ্ছে।"
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব অঞ্চলে অনেক রোগীকে বিনাচিকিৎসায় ফেলে রাখা হয়েছে এবং এইচআইভি/ এইডস রোগীদের জন্য থেরাপিও পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, "তহবিল না থাকায় রোগীরা চিকিৎসা কেন্দ্র থেকে ফিরে যাচ্ছে। এটাকে আরও ভয়াবহ হতে দেওয়া যাবে না।"
এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়ার তহবিলসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এইডস বিষয়ক জরুরি পরিকল্পনার ত্রাণ কমানোর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, গবেষণা তহবিল নিশ্চল হয়ে আছে।
বিশ্বের ৭০টি দেশে সংস্থাটির কাজের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৫৯ ঘ.
bdnews24