ওয়াশিংটন থেকে আরশাদ মাহমুদ
ওয়াশিংটন, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত রোববার ওয়াশিংটনে ভোরের আকাশে কমলা আভা ছড়িয়ে একটি রৌদ্রোজ্জ্বল, ঝকঝকে দিনের শুরু হয়।
গত কয়েক দিনের বিষন্ন, মেঘলা আবহাওয়া আর বিরামহীন তুষারপাতের পরে এই উজ্জ্বল সকাল সবার মতো আমার মনেও ছড়িয়ে দিয়েছিল মুক্তির আনন্দ। গত শুক্রবার সন্ধ্যা থেকে ৩৬ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুয়ারপাত শুরু হলে সবাই একরকম গৃহবন্দী হয়ে পড়ে।
কিন্তু জানালার বাইরে তাকাতেই এই আনন্দ এক নিমিষে হাওয়ায় মিশে গেল -আক্ষরিক অর্থেই। ওয়াশিংটনের ঠিক বাইরেই সেন্টারভিলে আমাদের গোটা এলাকা জুড়ে তুষারের স্তুপ। মহা চিন্তায় পড়ে গেলাম কিভাবে এই পাহাড় সরাবো তা ভেবে।
সত্যি বলতে, যা ভেবেছিলাম তার চেয়েও অনেক কঠিন হলো এই পাহাড় সরানো। ওয়াশিংটন ডিসি এলাকায় আমার সাত বছরের বসবাসের অভিজ্ঞতায় এই পরিমাণে তুষারপাত দেখিনি। দেখবোই বা কীভাবে, যখন বলা হচ্ছে ৩৬ বছরের মধ্যে এহেন অভিজ্ঞতা হয়নি মার্কিন রাজধানীর বাসিন্দাদের।
অবশেষে রোববার সকালে যখন তুষারপাত থামে ততোক্ষণে তা আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। আমাদের এলাকায় ২৪ ইঞ্চি পুরু তুষার জমেছে (এবিসি ৭ চ্যানেল জানায়, ১৯৩২ সালে ওয়াশিংটনে পড়েছিল ১৫ ইঞ্চির কিছু বেশি তুষার।)
বাসা থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে দেখি, ইতিমধ্যেই প্রতিবেশীদের অনেকে কোদাল নিয়ে ড্রাইভওয়ে পরিষ্কারের কাজে নেমে পড়েছে।
তাদের মতো যুদ্ধে নামার প্রস্তুতি নিতে গিয়ে মনে পড়লো বাসায় কোনো কোদাল নেই। আমার স্ত্রী নাসরিন সবসময় একটা কিনে আনার জন্য তাগাদা দিলেও কখনো এত বেশি তুষার না পড়ায় কথাটা গায়ে লাগাইনি।
মরিয়া হয়ে ফোন করলাম পাশের বাসার এরিক সিম্পসনকে। কপাল মন্দ, তারও কোদাল নেই। সে নিজে আরেক পড়শির কাছ থেকে কোদাল ধার নিয়েছে। তবে কাজ শেষ হওয়ার পরে জিনিসটা আমাকে ব্যবহার করতে দেবে বলে কথা দিলো এরিক।
সকাল সাড়ে ১০টার দিকে এরিকের কাজ শেষ হওয়ার পরে আমি বাইরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখি বাইরে তুষার জমায় দরজাই খুলতে পারছি না! ব্যাপার দেখে এরিক বুদ্ধি দিলো গ্যারেজের দরজা দিয়ে বের হওয়ার। বেশ কিছুক্ষণ লড়াই করার পরে তা খুলতে পারলাম।
কোনো সময় নষ্ট না করে কাজে নেমে পড়েই বুঝতে পারলাম কাজটা যা ভেবেছি তার চেয়ে কঠিন। একা কীভাবে এই স্নোর পাহাড় সাফ করবো তা নিয়ে চিন্তায় পড়ে গেলাম।
ছেলে আসিফ তার বন্ধুর বাড়িতে আটকা পড়ে রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আসিফ তার বোন ফারিহাকে নিয়ে পরদিন সকালেই ফিরবে জানিয়ে এক বন্ধুর বাড়ি গিয়েছিল।
অগত্যা একাই মাঠে নেমে পড়লাম। প্রায় আড়াই ঘণ্টা ধরে পুরো তুষার সরানোর পরে ঘরে এসে দোতলায় ওঠার শক্তিটুকু পর্যন্ত পেলাম না, হাত-পা ছড়িয়ে সিঁড়িতেই শুয়ে পড়লাম।
পরিস্থিতি বিবেচনায় ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেন্টি জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশের রাজ্য ভার্জিনিয়ার গভর্নর টিম কেইন একই কাজ করেন। ছয়শ' ন্যাশনাল গার্ড, পুলিশ আর সড়ক কর্মী তলব করেন তিনি। জনসংখ্যার হিসাবে কিন্তু সংখ্যাটা কম নয় মোটেই।
ফেডারেল কর্তৃপক্ষ সোমবার সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। পাঠকরা মনে হয় এতে বুঝতে পারবেন যে ওয়াশিংটন, ওয়েস্ট ভার্জিনিয়া, মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া আর নিউ ইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চলের মানুষ কী বিপর্যয়ের মধ্যে পড়েছে।
অনেক এলাকার রাস্তাঘাটে প্রায় ৩৬ ঘন্টা পরেও যান চলাচল শুরু হতে পারেনি। বিমান বন্দরগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে।
স্থানীয় সময় রোববার সকাল নাগাদ ওয়াশিংটনের বাইরে ডালেস আন্তর্জাতিক বিমান বন্দরে রানওয়ে থেকে ভারী তুষার সরানোর পাশাপাশি কিছু অবতরণ শুরু হয়। বাল্টিমোর-ওয়াশিংটন আন্তর্জাতিক বিমান বন্দরেও পুরোদমে কাজে ফিরে আসার চেষ্টা চলে।
এই দুর্যোগের ভেতরেও অবশ্য কিছু মানুষ আনন্দের ব্যবস্থা ঠিকই করে নিয়েছিলেন। রাস্তায় জমা তুষারে স্কি খেলা আর বরফের গোল্লা ছোড়াছুড়িতে মেতেছেন ছেলেবুড়ো অনেকেই। একটু উষ্ণতার খোঁজেই যেন কেউ কেউ ঢুঁ মেরেছেন এর মধ্যেও কোনোভাবে খোলা থাকা সিনেমাতেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৯০৭ঘ.
bdnews24