২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল

কয়েক দশকের মধ্যে ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূল। পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে প্রায় ২ ফুট (০.৬ মিটার) তুষারপাত ঘটিয়ে তুষার ঝড় এখন আঘাত এনেছে উত্তরাঞ্চলীয় নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডে। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 06:45 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক দশকের মধ্যে ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূল। পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে প্রায় ২ ফুট (০.৬ মিটার) তুষারপাত ঘটিয়ে তুষার ঝড় এখন আঘাত এনেছে উত্তরাঞ্চলীয় নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডে। তুষার ঝড়ের কারণে বড় দিনের আগে শেষ সপ্তাহান্তের কেনাকাটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাধারণত এ সময়ে রিটেইল সেন্টারগুলোতে উপচেপড়া ভিড় থাকে। ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়া, কেনটাকি ও ডেলাওয়ার অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া ওয়াশিংটন ও ফিলাডেলফিয়ার মেয়ররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেন্টি ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। আরও উত্তরে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টন নগরীতে জরুরি অবস্থা জারি করা হয়। তুষার অপসারণকারী সরঞ্জাম নিয়ে ক্রুরা প্রস্তুত রয়েছেন। সেখানে জরুরি আশ্রয় কেন্দ্র্রও খোলা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ডিসেম্বরের একদিনে এর আগে এতো বেশি তুষারপাত আর কখনো হয়নি। শনিবার ওয়াশিংটনের বাইরে রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে ১৬ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়, যা ১৮৮৫ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানীতে সবচেয়ে বেশি তুষারপাতের ঘটনা। ওয়াশিংটনের ডালেস ইন্টারন্যাশনাল এবং রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে যথাক্রমে ১৮ ইঞ্চি এবং ১৬.৪ ইঞ্চি তুষারপাত হয়, যা ডিসেম্বরের একদিনে মোট সব্বোর্চ তুষারপাত। এর আগে ১৯৬৪ সালের ডিসেম্বরে ডালেস ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১০.৬ ইঞ্চি এবং ১৯৩২ সালের ডিসেম্বরে রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে ১১.৫ ইঞ্চি তুষারপাত হয়। রোববার সকাল নাগাদ ম্যারিল্যান্ডের বেথেসডায় ২৩ ইঞ্চি ও নিউ জার্সির ম্যাডফোর্ডে ২৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়। ফিলাডেলফিয়া ও পেনসিলভ্যানিয়ায় দ্বিতীয় সব্বোর্চ তুষারপাত (২৩.২ ইঞ্চি) হয়। বিবিসি জানায়, তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। এর মধ্যে তিন জন ভার্জিনিয়ায়, অপর দুজন ওহাইয়ো অঙ্গরাজ্যে। অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক, রেল ও বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। কোথাও কোথাও ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে আছে বলেও বিবিসির খবরে বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রধান ৮টি বিমানবন্দরে ১২শ'রও বেশী ফ্লাইট বাতিল করতে হয়। ঘণ্টায় দুই ইঞ্চি তুষারপাতের ফলে ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট রোববার সকাল পর্যন্ত বন্ধ ছিল। এছাড়া অধিকাংশ এয়ারলাইন্স ডালেস ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট বাতিল করে। বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, বাল্টিমোরের বেশিরভাগ বিমানের ফ্লাইটই বাতিল করা হয়। ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা ব্যাহত হয়। নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর থেকে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়। তুষারপাতের কারণে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। ট্রেন কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, বস্টন ও ওয়াশিংটনের মধ্যে চলাচলকারী ট্রেনগুলো আধাঘণ্টা থেকে একঘণ্টা পর্যন্ত দেরী করে এবং বেশি দুরত্বের ট্রেনগুলো ছাড়তে দুই থেকে তিনঘণ্টা বিলম্ব হয়। এর আগে যুক্তরাষ্ট্রে ১৯২২ সালে প্রচণ্ড তুষার ঝড় হয়। ওই সময় ওয়াশিংটন এলাকায় ২৮ থেকে ৩৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএনএস/এইচএ/০১৩৭ ঘ.