২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নেতৃত্বাধীন চুক্তির প্রতি ধিক্কার কয়েকটি দেশের

কোপেনহেগেনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চারটি দেশের সঙ্গে মিলে যে জলবায়ু চুক্তি করেছেন, কয়েকটি উন্নয়নশীল দেশ শনিবার তা প্রত্যাখান করে বলেছে, বিশ্বের উষ্ণায়ন মোকাবেলায় এটি জাতিসংঘের পরিকল্পনা হতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোপেনহেগেনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চারটি দেশের সঙ্গে মিলে যে জলবায়ু চুক্তি করেছেন, কয়েকটি উন্নয়নশীল দেশ শনিবার তা প্রত্যাখান করে বলেছে, বিশ্বের উষ্ণায়ন মোকাবেলায় এটি জাতিসংঘের পরিকল্পনা হতে পারে না। "আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, টুভালু এই দলিল মেনে নিতে পারে না।" প্রশান্ত মহাসাগরের বুকে ঝুঁকির মুখে থাকা ক্ষুদ্র রাষ্ট্রটির প্রতিনিধি ইয়ান ফ্রাই একথা বলেছেন। তাদের আশঙ্কা, সমুদ্রপৃষ্টের উচ্চতা বাড়লে মানচিত্র থেকে মুছে যাবে তারা। নির্ধারিত সময় শেষ হওয়ায় বেশিরভাগ নেতা চলে গেলেও সম্মেলনের বাড়তি এক রাতের অধিবেশনের আয়োজন করা হয়। ইয়ান সেখানে বলেন, এ দলিলে উষ্ণায়ন বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অপর্যাপ্ত এবং এতে "শেষ হয়ে যাবে টুভালু।" ভেনেজুয়েলা, বলিভিয়া, কিউবা এবং নিকারাগুয়াও ক্রুদ্ধভাষায় "কোপেনহেগেন চুক্তির" নিন্দা জানিয়েছে। বলেছে, বিশ্বের উষ্ণায়ন মোকাবেলায় এতে কোনো কাজ হবে না। অন্যায়ভাবে রুদ্ধদ্বার কক্ষে বসে এ চুক্তি করা হয়েছে। জাতিসংঘের চুক্তি হিসেবে পরিগণিত হওয়ার জন্য চুক্তিটির সম্মেলনে যোগ দেওয়া ১৯৩টি দেশের সবার সম্মতির দরকার ছিল। ভারত, দক্ষিণ আফ্রিকা, চীনের নেতাদের সঙ্গে শেষ মুহূর্তে একটি 'অর্থবহ সমঝোতায়' উপনীত হওয়ার কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোপেনহেগেন ত্যাগের আগে বলেন, এটি হচ্ছে প্রথম পদক্ষেপ এবং তা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যথেষ্ট নয়। ধনী এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে গভীর মতপার্থক্যের একদিন পর শেষ মুহূর্তে এই সমঝোতা হয়। ব্রাজিলও এই সমঝোতাকে অনুমোদন করেছে। বিশেষভাবে লক্ষ্যণীয় যে ইইউ রাষ্ট্রগুলো ওই বৈঠকে অনুপস্থিত ছিল। বাংলাদেশ সময় ভোর সোয়া পাঁচটায় এক সংবাদ সম্মেলনে ওবামা এই সমঝোতা সম্পর্কে বলেছেন, "এই সমঝোতা আইনি বাধ্যবাধকতা সংবলিত নয়। এবং সেটা করতে আরও সময় লাগবে। তবে এটি একটি অর্থবহ ও নজিরবিহীন অগ্রগতি।" তিনি একে সহযোগিতার এক 'নতুন যুগ' বলেও অভিহিত করেন। এই পাঁচ-জাতি সমঝোতার আওতায় ধনী ও গরিব দেশগুলো বিশ্বের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস, একটি 'অর্থায়ন কৌশল' এবং এ ব্যাপারে তাদের পদক্ষেপ বাস্তবায়নের তথ্য বিনিময়ে সম্মত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, সব দেশ একটি সমঝোতায় উপনীত হয়েছে। ১২০ টি দেশের নেতাদের বৈঠক শেষে কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা একটি সমঝোতায় পৌঁছেছি। আমাদের যে টেক্সট রয়েছে তা নিখুঁত নয়।" তিনি জানান, এই সমঝোতার আওতায় চীনসহ সবগুলো দেশকে ২০১০ সালের জানুয়ারি নাগাদ কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন কমানো সম্পর্কে লিখিত পরিকল্পনা জমা দিতে হবে। এবং সবগুলো দেশ ২০২০ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার অর্থ সাহায্য দেওয়ার পরিকল্পনায় স্বাক্ষর করেছে। নেতৃবৃন্দ ১৯৩ টি দেশের কাছেই গ্রহণযোগ্য একটি আপসরফায় পৌঁছানোর জন্য দিনভর চেষ্টা করেন। যা বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রজাতির বিলুপ্তিসহ জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় কার্যকর হবে। শুক্রবার বিশ্ব নেতারা একটি নতুন খসড়া টেক্সট নিয়ে আলোচনা করেন, যাতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করা হয়। কিন্তু এই নতুন খসড়া টেক্সট-এ আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন একটি জলবায়ু চুক্তিতে উপনীত হওয়ার জন্য ২০১০ সালের সময়সীমা বাদ দেওয়া হয়েছে। ইতিপূর্বের খসড়ায় আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন একটি জলবায়ু চুক্তিতে উপনীত হতে ২০১০ সালের শেষ নাগাদ বর্ধিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো। তবে নতুন খসড়া টেক্সটে আগের লক্ষ্যগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এতে বিশ্ব নেতাদের ২০৫০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাসের নির্গমন ১৯৯০ সালের মাত্রার চেয়ে অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়। এবং ধনী দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ৮০ শতাংশ কমাতে বলা হয়। বন্যা, তাপ্রবাহ, প্রজাতির বিলুপ্তি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন সময়ের চেয়ে ২ ডিগ্রী সেলসিয়াসে সীমিত রাখতে বলা হয় নতুন টেক্সটে। সেইসঙ্গে টেকসই উন্নয়নের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী সমন্বিত উদ্যোগের উপরও গুরুত্ব দেওয়া হয়। এছাড়া এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গরিব দেশগুলোর জন্য ২০২০ সাল নাগাদ বছরে ১০০ বিলিয়ন ডলার সাহায্যের কথা অন্তর্ভুক্ত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৫৬ ঘ.