নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৯ সালে বিশ্বেব্যাপী রেকর্ড সংখ্যক সাংবাদিকের মৃত্যু ঘটেছে। বিশেষ করে ফিলিপাইনে নির্বাচনী সহিংসতার পর সাংবাদিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ৬৮ জনে। সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে) বৃহস্পতিবার একথা জানিয়েছে।
সিপিজে বলেছে, ২০০৮ সালে বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৪২ জন। ২০০৭ সালে এ সংখ্যা ছিল রেকর্ড ৬৭। এ বছর নিহত সাংবাদিকের সংখ্যা ওই রেকর্ড ছাড়িয়ে গেছে।
ইরাকে চরম সহিংসতার কারণে ২০০৭ সালে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল বেশি। কিন্তু এ বছর ইরাকে সাংবাদিক নিহতের সংখ্যা কমেছে এবং সাংবাদিকদের জন্য প্রাণঘাতী দেশগুলোর তালিকায় ইরাক ৩ নাম্বারে অবস্থান করছে।
ইরাকে এ বছর নিহত হয়েছে মাত্র ৪ সাংবাদিক। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর বাৎসরিক হিসাবে এ পর্যন্ত এ সংখ্যা সবচেয়ে কম।
এ বছর সাংবাদিক নিহতের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে ফিলিপাইন। সেখানে নিহত হয়েছে ৩২ জন সাংবাদিক। এর মধ্যে নভেম্বরে দক্ষিণ ফিলিপিাইনে হত্যাযজ্ঞে মারা পড়েছে ৩১ জন। এর পর ২য় অবস্থানে রয়েছে সোমালিয়া। সেখানে নিহত হয়েছে ৯ জন গণমাধ্যম কর্মী।
অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানে নিহত হয়েছে ৪ সাংবাদিক, রাশিয়ায় ৩ জন, শ্রীলংকা, মেক্সিকোয় ২ জন, ভেনেজুয়েলায় ১ জন ছাড়াও নেপাল, মাদাগাস্কার, নাইজেরিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, এল সালভাদর, কলম্বিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, আফগানিস্তান এবং কেনিয়ায় নিহত হয়েছে আরও সাংবাদিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৫ ঘ.
bdnews24