সউল, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী বছরের শুরুতেই উত্তর কোরিয়ায় একটি লিয়াজোঁ অফিস খোলার প্রস্তাব দিয়েছেন। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছাড়াই দু রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানো এর লক্ষ্য। ইয়োনহাপ বার্তা সংস্থা শুক্রবার একথা জানিয়েছে।
গত সপ্তাহে ওবামার প্রথম দূত পিয়ংইয়ং সফরে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলকে যে চিঠি দিয়েছিলেন তাতে এই প্রস্তাব করা হয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফেরানোর উদ্যোগ নিয়ে ওবামার দূত উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। ইয়োনহাপ বেজিংয়ে কূটনৈতিক কয়েকটি ষুত্রের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
পিয়ংইয়ং সাহায্যের বিনিময়ে-নিরস্ত্রীকরণ আলোচনা বয়কট করা বাদ দিয়ে আগামী কয়েকমাসের মধ্যে আবার আলোচনায় ফিরে আসলে লিয়াজোঁ অফিস স্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ ঘ.
bdnews24