২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিতে পৌঁছার চেষ্টায় কোপেনহেগেনে রাতভর আলোচনা

কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনের সময় শেষ হয়ে আসার মুহূর্তে বিশ্ব নেতারা একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় বৃহস্পতিবার গভীর রাতেও আলোচনা চালিয়ে গেছেন। বিশ্বের উষ্ণতা বৃদ্ধির মারাত্মক ক্ষতি মোকাবেলায় গরিব দেশগুলোকে সহায়তা করার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে সম্মেলনে নেতাদের সময় শুক্রবার শেষ হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনের সময় শেষ হয়ে আসার মুহূর্তে বিশ্ব নেতারা একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় বৃহস্পতিবার গভীর রাতেও আলোচনা চালিয়ে গেছেন। বিশ্বের উষ্ণতা বৃদ্ধির মারাত্মক ক্ষতি মোকাবেলায় গরিব দেশগুলোকে সহায়তা করার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে সম্মেলনে নেতাদের সময় শুক্রবার শেষ হচ্ছে। কয়েকদিন ধরে আলোচনায় কূলকিনারা না হওয়ার পর যুক্তরাষ্ট্র দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ১০ হাজার কোটি ডলার তহবিল সরবরাহের প্রস্তাব সমর্থন করে ১৯৩ জাতির সম্মেলনটিকে কিছুটা চাঙ্গা করে তুলেছে। আয়োজক দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী লারস লক রাসমুসেন শুক্রবার বলেছেন, প্রায় ২৫ জন প্রভাবশালী বিশ্বনেতা জলবায়ু আলোচনায় সৃষ্ট বাধাবিরোধ দূর করার জন্য বৃহস্পতিবার রাতভর গঠনমূলক আলোচনা চালিয়ে গেছেন। "আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে" - সাংবাদিকদের একথা বলেন রাসমুসেন। তবে সম্মেলনের শেষ সময়ে এসে অনেক নেতার মুখেই ব্যর্থতার ঝুঁকির কথা শোনা গেছে। ১২০ জন বিশ্বনেতার সম্মানে কোপেনহেগেনের ক্রিশ্চিয়ানবোর্গ প্রাসাদে ডেনমার্কের রানির দেওয়া নৈশভোজে যোগদানকারী ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, "সময় ফুরিয়ে আসছে। আমরা যেন পিছু না হটি।" তিনি বলেন, "কোপেনহেগেনে ব্যর্থতা আমাদের প্রত্যেকের জন্য ভয়াবহ দুর্যোগ ডেকে আনবে।" পুলিশ জানিয়েছে, নৈশভোজের সময় প্রাসাদের কাছে গ্রিনপিসের একটি প্রতিবাদ কর্মসূচি থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজন ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪২৭ ঘ.