ইসলামাবাদ, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে ছড়িয়ে পড়া অভ্যুত্থানের গুঞ্জন শুক্রবার নাকচ করেছে সরকার। ওই গুঞ্জনের কারণে অল্পসময়ের জন্য হলেও পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টি হয়।
সুপ্রিম কোর্ট বুধবার দুর্নীতির অভিযোগে কয়েকজন মন্ত্রীসহ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং আরও কয়েক হাজার ব্যক্তিকে ক্ষমা করার অতীতের সিদ্ধান্ত বুধবার বাতিল করে দেয়। এতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশটিতে।
প্রতিরক্ষামন্ত্রীর বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা প্রসঙ্গে সিএনএন'র করা প্রশ্নে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি যে জবাব দেন তাতেই দৃশ্যত অভ্যুত্থানের গুঞ্জন সৃষ্টি হয়। হাক্কানি বলেন, তিনি আশা করছেন এতে পাকিস্তানে কোনো অভ্যুত্থান ঘটবে না।
পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থার একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, ক্ষমার ঘোষণা প্রত্যাহারের পর ২৭৮ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালিকায় থাকা কারও নাম তিনি উল্লেখ করেননি। তবে প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতউল্লাহ বাবর বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুখতার তাদের একজন।
ইসলামাবাদে বাবরও বলেছেন, "অবশ্যই কোনো অভ্যুত্থান ঘটেনি। শুক্রবারের শীতের সকালে রাজধানীতে জনজীবন স্বাভাবিকভাবে চলছিল। কোনোধরনের অস্বাভাবিক তৎপরতা দেখা যায়নি।
সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২০০৭ সালে জারদারিসহ অনেককে ওই ক্ষমার বিধান ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে আমেরিকাপন্থি প্রেসিডেন্ট জারদারি চাপের মুখে পড়েছেন যদিও প্রেসিডেন্ট হিসেবে বিচার থেকে তার রক্ষা পাওয়ার অধিকার থাকায় এখনই তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব নয়।
তবে বিরোধীরা ইতোমধ্যেই নৈতিক কারণে জারদারির পদত্যাগ দাবি করেছে। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) পার্টি খাজা মোহাম্মদ আসিফ বলেন, "তার নিজের, দলের এবং সিস্টেমের স্বার্থেই পদত্যাগ করা উচিত।" তবে জারদারির মুখপাত্র ফরহাতউল্লাহ বাবর বলেছেন, "ক্ষমতাসীন পাকিস্তান পিপল পার্টি (পিপিপি) আদালতের সিদ্ধান্তকে সম্মান করে। কিন্তু প্রেসিডেন্টের পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।"
প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী বৃহস্পতিবার আদালতে বলেন, সুপ্রিম কোর্টের আদেশের ফলে ক্ষমার আওতায় স্থগিত হয়ে যাওয়া অতীতের সব মামলা পুনরুজ্জীবিত হবে। এসব মামলার বেশিরভাগই দুর্নীতির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩২৬ ঘ.
bdnews24