ক্যানবেরা, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অবৈধ অভিবাসীদের আটক রাখার জন্য সাগরবক্ষে গড়ে তোলা অস্ট্রেলিয়ার কেন্দ্রটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার একথা বলেছে।
স্পর্শকাতর এ বিষয়টি অস্ট্রেলিয়ার আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। অ্যামনেস্টির এই সমালোচনায় সরকার বিষয়টি নিয়ে আরও চাপের মুখে পড়ল।
শরণার্থী বিষয়ক অ্যামনেস্টির সমন্বয়কারী গ্রাহাম টম ভারত মহাসাগরে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ভূখণ্ড ক্রিসমাস আইল্যান্ডে আটক কেন্দ্রটি সপ্তাহব্যাপী পরিদর্শন শেষে বলেছেন, সেখানে অভিবাসন প্রত্যাশী ব্যাপকসংখ্যক লোককে গাদাগাদি করে আটক করে রাখা হয়েছে যা গ্রহণযোগ্য নয়।
"এটা চলতে পারে না। সেখানে যারা অনেক দিন ধরে আটক রয়েছে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর তার সুস্পষ্ট ছাপ পড়েছে।" রয়টার্সকে বলেন টম।
তার এ মন্তব্যে শরণার্থীবোঝাই নৌকাগুলো সামাল দেওয়া নিয়ে অস্ট্রেলিয়া সরকার আরও চাপের মধ্যে পড়ল। দেশটির রক্ষণশীল বিরোধী দলগুলো সরকার আশ্রয়প্রার্থীদের প্রতি অনেক বেশি নরম বলে জোর সমালোচনা শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৩২ ঘ.
bdnews24