কাবুল, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাবুলের কঠোর নিরাপত্তাধীন কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় আটজন নিহত ও ৪০ জন হয়েছে। সাবেক একজন ভাইস প্রেসিডেন্টের বাসভবনের বাইরে মঙ্গলবার হামলাকারী ওই গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।
নগরীর ওয়াজির আকবর খান এলাকায় হিতাল হোটেলের একটি প্রবেশ পথের সামনে হামলায় ব্যবহৃত গাড়িটি জ্বলতে থাকে। বিস্ফোরণের ফলে কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকায় বসবাসরত বিদেশিরা ছোট ওই হোটেলটিতে যাতায়াত করত।
বিস্ফোরণে সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ জিয়া মাসুদের বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইকারী গেরিলা নেতা আহমদ শাহ মাসুদের ভাই। পুলিশের একটি সূত্র জানিয়েছে, দৃশ্যত সাবেক ভাইস প্রেসিডেন্টই ছিল হামলার লক্ষ্য।
ঘটনাস্থলে থাকা রয়টার্সের একজন আলোকচিত্রী মাসুদকে অক্ষত অবস্থায় তার বাড়ি থেকে সরিয়ে নিয়ে যেতে দেখেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমেরাই বাশারি বলেছেন, "আমার কাছে থাকা তথ্যানুযায়ী ৮ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৪৭ ঘ.
bdnews24