কোপেনহেগেন, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকার দেশগুলোর প্রতিবাদের মুখে কোপেনহেগেনের জলবায়ু সম্মেলনে ৫ ঘন্টার অচলাবস্থার পর আবারও পুরোদমে শুরু হয়েছে আলোচনা। হরানো সময় পুষিয়ে নেওয়ার জোর চেষ্টা চলছে।
ধনী দেশগুলোর বিরুদ্ধে বিদ্যমান কিয়োটো প্রটোকলকে হত্যার আফ্রিকার দেশগুলোর অভিযোগের পর সোমবার কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের মূল অধিবেশন ব্যাহত হয়।
আফ্রিকার দেশগুলোর প্রতিবাদের মুখে আলোচনা পরিকল্পনামাফিক নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।
৫ ঘন্টার অচলাবস্থার পর আফ্রিকার দেশগুলো তাদের আপত্তির বিষয়টিতে আমল দেওয়া হবে বলে আশ্বাস পাওয়ার পর আলোচনা আবারও শুরু হয়।
আফ্রিকার দেশগুলোর গ্র"পের নেতৃত্বে থাকা আলজেরিয় কর্মকর্তা কেমাল জেমৌরি বলেন, আমরা আবারও আলোচনা শুরু করেছি।
প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবুও জলবায়ু সম্মেলন ব্যর্থ হওয়ার আশঙ্কা কাটছে না।
মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, তিনি এমন চুক্তি চান যাতে করে বিশ্ব ঊষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেওয়া যায়।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, সময় ফুরিয়ে আসছে। সব কিছু শেষ মুহূর্তের সমাধানের জন্য নেতাদের হাতে ছেড়ে দেওয়া হলে আপোষ হতেও পারে নাও হতে পারে। আপোষ না হলে সেটি হবে বড় ধরনের ব্যর্থতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৪ ঘ.
bdnews24