জাতিসংঘ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে আরো সময় লাগছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
দীর্ঘদিন নির্বাসনে থেকে দেশে ফেরার কিছুদিন পরই ২০০৭ সালে সন্ত্রাসী হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির। জাতিসংঘ ওই হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে।
এ বছরের শেষ নাগাদ তদন্ত শেষ হওয়ার কথা থাকলেও তদন্ত কমিটির প্রধান জাতিসংঘে চিলির রাষ্ট্রদূত হেরাল্ডো মুনোজ আরো তিন মাস সময় চেয়েছেন।
এ কথা জানিয়ে বান কি মুন সোমবার বলেন, "আমার মনে হয় সময় চাওয়াটা যুক্তিসঙ্গত এবং তদন্তের মেয়াদ আরো তিনমাস বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে দেখছি।"
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গত জুলাই থেকে কাজ শুরু করে। বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ঘটনাগুলো তদন্ত করে দেখছে কমিটি। তদন্ত কমিটি সন্দেহভাজন খুনিদের নাম প্রকাশ নাও করতে পারে। করবে না।
অপরাধের তদন্ত পাকিস্তান সরকারও করছে। মুনোজ আশাবাদী, তাদের তদন্ত পাকিস্তান সরকারের কাজের সহায়ক হবে।
বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন সরকারের অনুরোধে জাতিসংঘ এর তদন্তে সম্পৃক্ত হয়।
সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সরকার বেনজির হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানি তালেবান ও আল কায়েদা নেতা বায়তুল্লাহ মেহসুদকে দায়ী করেছিলো। মেহসুদ অবশ্য এ বছরের শুরুর দিকে মার্কিন বিমান হামলায় নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১২৫২ ঘ.
bdnews24