কোপেনহেগেন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- এক দশকের মধ্যে এ বছরই বিশ্বে সবচেয়ে কম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। তবে বন্যা, খরা ও অন্যান্য বিরূপ আবহওয়ায় মানুষের মৃত্যু এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি থেমে নেই। সোমবার জাতিসংঘের একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।
জাতিসংঘের 'ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডিজাসটার রিডাকশন' বলেছে, এ বছর ২৪৫ টি প্রাকৃতিক বিপর্যয় রেকর্ড করা হয়েছে। এ সংখ্যা ২০০৫ সালের তুলনায় কম। ওই বছর প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল একদশকের মধ্যে সর্বোচ্চ ৪৩৪ টি।
কোপেনহেগেনে জলবায়ু সম্মেলন চলার মধ্যে নতুন এই পরিসংখ্যান দেওয়া হল।
প্রাথমিক উপাত্ত অনুযায়ী, এ বছর ২৪৫ টি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ২২৪ টিই আবহাওয়া-সংশ্লিষ্ট। ভূতাত্বিক অন্যান্য বিপর্যয়ের মধ্যে আছে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। দু'য়ে মিলে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে একথা বলা হয়েছে।
২০০৯ সালে কম প্রাকৃতিক বিপর্যয়ের সংবাদটি শুভ হলেও চরম আবহওয়া বিপর্যয় এখনও মারাত্মক উদ্বেগ হয়ে আছে।
জলবায়ুর পরিবর্তনে ভবিষ্যতে আরও বেশি মানুষ মারা পড়বে এবং ক্ষয়ক্ষতি হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়বে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্গারেটা ওয়ালস্টোর্ম একথা বলেছেন।
আবহাওয়া পর্যবেক্ষণ এবং পূর্বাভাস ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্তুতি ব্যবস্থা উন্নত হওয়ার কারণে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা কমেছে বলে উল্লেখ করেছেন বিশ্ব আবহাওয়া সংগঠনের মহাসচিব মাইকেল জাররাউদ।
তিনি বলেন, গত ৫০ বছরে প্রাকৃতিক বিপর্যয় এবং এ কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ১০ থেকে ৫০ গুণ বাড়লেও মানুষের প্রাণহানি নাটকীয়ভাবে কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার অধিবাসীরা বিশেষত ঝড় এবং বন্যার ঝুঁকির মুখে রয়েছে। এ বছর প্রথম ১১ মাসে এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগে এশিয়ায় মোট ৫৮ মিলিয়ন মানুষের মধ্যে ৪৮ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৬ ঘ.
bdnews24