হাংগু, পাকিস্তান, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তবর্তী কুররাম অঞ্চলে হামলা চালিয়ে রোববার ২২ জঙ্গিকে হত্যা করেছে। সরকার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নতুন একটি এলাকায় তালেবান নির্মূল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর কর্মকর্তারা একথা জানালেন।
প্রশাসনিক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, শনিবার রাত ও রোববার সকালে সেনাবাহিনী গোলন্দাজ ও জঙ্গি বিমান কুররামে হামলা চালিয়েছে। এ সময় সেনাবাহিনী তালেবানদের ১০ টি গোপন আস্তানা ধ্বংস করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, "শনিবার রাতের বোমা হামলায় প্রায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া রোববারের হামলায় আরও সাতজন নিহত হয়েছে।"
গোয়েন্দা কর্মকর্তারাও ২২ জঙ্গি হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এ লড়াইয়ে পাঁচ সেনাও নিহত হয়েছে।
আফগান সীমান্তবর্তী পশতুন অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে পাক সেনারা অক্টোবরে তালেবান নির্মূল অভিযান শুরু করে। সেনাবাহিনী জানিয়েছে, এ অভিযানে প্রায় ৬ শ তালেবান নিহত হয়েছে। যদিও এ বিষয়ে নিরপেক্ষ কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে অনেক পাকিস্তানি তালেবান জঙ্গি পার্শ্ববর্তী পশতুন এলাকাগুলোতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন মার্কিন কৌশল অনুসারে পাকিস্তান আফগান সীমান্তবর্তী অঞ্চলে তালেবানদের নিয়ন্ত্রণ করুক এমনই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের।
পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, আলোচনার জন্য রোববার শীর্ষ কমান্ডার জেনারেল পেত্রাউসসহ মার্কিন কমান্ডারদের ইসলামাবাদে যাওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৩ ঘ.
bdnews24