কোপেনহেগেন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ জলবায়ু আলোচনায় বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইয়ে কঠোর চুক্তিতে উপনীত হওয়ার দাবিতে শনিবার কোপেনহেগেনসহ বর্ণাঢ্য র্যালিসহ বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে হাজার হাজার পরিবেশ কর্মী।
'ব্লা ব্লা ব্লা। এখনই ব্যবস্থা নিন', "রাজনীতি বদলান, জলবায়ু না" লেখা ব্যানার উড়িয়ে ডেনমার্কের রাজধানীতে র্যালি করে কর্মীরা। তাদের কারো পরণে ছিল শ্বেতভাল্লুকের পোশাক, অন্যদের পরণে ছিল পান্ডার পোশাক-- মাথায় প্রজ্জ্বলিত অগ্নিশিখা, হাতে বিশাল বেলুন। এ সবকিছু দিয়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক হুমকি ফুটিয়ে তোলা হয়েছে র্যালিতে।
বিশ্বজুড়ে এদিন র্যালি হয়েছে। 'বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে এগোও' স্লোগান দিয়ে র্যালি করেছে হাজার হাজার অস্ট্রেলীয়। সিডনিতে বিক্ষোভকারীরা স্বচ্ছ জ্বালানির দাবিতে লেখা স্লোগান এবং প্ল্যাকার্ড বহন করে। 'মাংস নয়, তাপ নয়', 'নতুন কয়লা খনি নয়' লেখা প্ল্যাকার্ড বহন করে তারা।
ফিজি থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত দেশগুলোতে বিক্ষোভ এবং মোম মিছিলের পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে কর্মীরা। কোপেনহেগেন সম্মেলনে ধীরগতির আলোচনায় জলবায়ু পরিবর্তন রোধে আইনগতভাবে বাধ্যবাধকতামূলক একটি জাতিসংঘ চুক্তি এবং গ্রিনগাউজ গ্যাস নির্গমন অনেক বেশি কমানোর দাবিতে এসব র্যালির আয়োজন করা হয়।
কোপেনহেগেনের র্যালিতে পুলিশের হিসাবমতে,২৫ হাজার লোক অংশ নিয়েছে। তবে আয়োজকরা এ সংখ্যা ১ লাখ উল্লেখ করেছে। এতে করে জলবায়ু সম্মেলনে কঠোর চুক্তিতে উপনীত হওয়ার জন্য নেতাদের ওপর চাপ বাড়বে বলেই আশা করছেন আয়োজকরা।
জলবায়ু সম্মেলনের মাঝামাঝি সময়ে এসে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০২০ সালের মধ্যে কমানোর লক্ষমাত্রা ইস্যুতে এখনও কোনও সুরাহা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩০ ঘ.
bdnews24