পাকিস্তান, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে এ সপ্তাহে গ্রেপ্তার হওয়া পাঁচ মার্কিনিকে জেরা করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এবং পাকিস্তানের গোয়েন্দারা।
এই পাঁচ মার্কিনি আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে চেয়েছিল। পাকিস্তানি কর্মকর্তারা একথা বলেছেন।
তারা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল এবং একে অপরের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ রেখেছিল। পাকিস্তানের বিদেশি এবং সাইবার আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাকিস্তানি ও মার্কিন গোয়েন্দারা তাদেরকে জেরা করছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, পাঞ্জাব প্রদেশের সারগোদা থেকে মঙ্গলবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা ভার্জিনিয়ার উত্তরাঞ্চল থেকে এসেছে। তাদের সঙ্গে তালেবান ও আল কায়েদা জঙ্গিদের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সারগোদার পুলিশ প্রধান ওসমান আনোয়ার সাংবাদিকদের বলেন, "আমরা দেড়দিন ধরে তাদেরকে পর্যবেক্ষণ করেছি এবং তারপর গ্রেপ্তার করেছি।"
তিনি আরও বলেন, "তাদের কাছে থাকা ল্যাপটপ ও অন্যান্য জিনিসও আমরা জব্দ করেছি। পরে আমরা জানতে পেরেছি তারা জিহাদে যোগ দেওয়ার মানসে এখানে এসেছে।"
এ ঘটনায় মুসলিম দেশগুলোর অভিবাসীদের সন্তানরা সহিংস মুসলিম জঙ্গিবাদে ঝুঁকছে এ আশঙ্কা বাড়তে পারে পশ্চিমা দেশগুলোতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৭ ঘ.
bdnews24