২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিড হেডলির হস্তান্তর চাইবে ভারত

মুম্বাইয়ে গত নভেম্বরের সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে অভিযুক্ত মার্কিন নাগরিক ডেভিড হেডলিকে ভারতে নিয়ে যাওয়ার পথ খুঁজবে নয়াদিল্লি। ভারতের এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ে গত নভেম্বরের সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে অভিযুক্ত মার্কিন নাগরিক ডেভিড হেডলিকে ভারতে নিয়ে যাওয়ার পথ খুঁজবে নয়াদিল্লি। ভারতের এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন। মুম্বাইয়ের ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হেডলি (৪৯) মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানি সংগঠন লস্কর-ই- তৈয়্যবার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ড্যানিশ একটি সংবাদপত্রে হামলার পরিকল্পনায়ও হেডলিকে অভিযুক্ত করা হয়েছে। ড্যানিশ ওই সংবাদপত্রটি ২০০৫ সালে হযরত মুহম্মদ (সঃ) এর ব্যঙ্গকার্টুন প্রকাশ করে বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করে। হেডলি বুধবার প্রথম আদালতে হাজিরা দিয়েই দোষ অস্বীকার করে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা গোপাল কে পিল্লাই বলেন, "আমরা অবশ্যই হেডলিকে জেরা করাসহ এক পর্যায়ে তার হস্তান্তরের চেষ্টা নেব।" তিনি বলেন, হেডলির বিরুদ্ধে বিভিন্ন নগরী থেকে প্রমাণ জোগাড় করা হচ্ছে এবং প্রায় ১ মাস পর ভারতের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে। হেডলির বিরুদ্ধে মুম্বাইয়ে বোমা হামলার পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ আছে। এ অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০১ ঘ.