অসলো, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার তার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি নিয়ে সমালোচনা স্বীকার করে নিয়েছেন। তবে বলেছেন, পরমাণু অস্ত্র হ্রাস এবং জলবায়ু পরিবর্তন সামলানোর লক্ষ্যে তিনি সফল হলে সমালোচনা থিতিয়ে যাবে।
পুরস্কার গ্রহণের আগ মুহূর্তের ভাষণে ওবামা একথা বলেন। একইসঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, মার্কিন সেনারা ২০১১ সালের জুলায়েই আফগান নিরাপত্তা বাহিনীর হাতে নিরাপত্তারক্ষার দায়িত্ব হস্তান্তর শুরু করবে। তবে তড়িঘড়ি কোনও সেনা প্রত্যাহার ঘটবে না বলে জানান তিনি।
আফগানিস্তানে লড়াইয়ের চেষ্টা জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্য শান্তির মতো অন্যান্য অগ্রধিকারের বিষয়গুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে ওবামার ব্যর্থতার কারণে তার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনা বেড়েছে।
ওবামা শান্তি পুরস্কার পাওয়ার এই সম্মানকে কাজে লাগিয়ে কিভাবে তার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন-- এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ পুরস্কার পাওয়ার আরও যোগ্য অন্য অনেকেই যে আছেন তাতে আমার কোনও সন্দেহ নেই। এখন আমার কাজ হল কেবল আমেরিকা নয় বরং গোটা বিশ্বেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যে পথকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি সেপথে চলতে থাকা।"
তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন, "এর মানে হচ্ছে, পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়া এবং পরমাণু অস্ত্র বিস্তার ঠেকানোর চেষ্টা চালিয়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন ইস্যুকে সামনে নিয়ে আসা, আফগানিস্তানের মতো দেশগুলোকে স্থিতিশীল করা এবং সন্ত্রাস মোকাবেলায় আমাদের মূল্যবোধ ও আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে অভ্যন্তরীণচেষ্টা জোরদার করা।"
তিনি আরও বলেন, "এটি কোনও জনপ্রিয় প্রতিযোগিতা জেতা নয় কিংবা কোনও পুরস্কার জেতা নয়। লক্ষ্য হচ্ছে আমেরিকার স্বার্থ এগিয়ে নেওয়া, আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং বিশ্বে সবসময় শুভ ফল বয়ে আনার চেষ্টায় থাকা।"
"আমি এ সমস্ত কাজে সফল হলে আশা করি সমালোচনা কিছুটা কমে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৩ ঘ.
bdnews24