২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৯ পঞ্চম উষ্ণতম বছর

একবিংশ শতকের প্রথম দশক বিশ্বের উষ্ণতম দশক, আর ২০০৯ পঞ্চম উষ্ণতম বছর হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একবিংশ শতকের প্রথম দশক বিশ্বের উষ্ণতম দশক, আর ২০০৯ পঞ্চম উষ্ণতম বছর হতে যাচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা -ডব্লিউএমও মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলন চলার মধ্যেই এ তথ্য জানালো তারা। ডব্লিউএমও প্রধান মাইকেল জ্যারাড মঙ্গলবার কোপেনহেগেনে এক সভায় বলেন, ১৮৫০ সালে তাপমাত্রার পরিমাপ নেওয়া শুরুর পর থেকে এবার তৃতীয় উষ্ণতম বছর পার করছে অস্ট্রেলিয়া। অপ্রত্যাশিত তিনটি তাপপ্রবাহ বয়ে গেছে মহাদেশটির ওপর দিয়ে। "অন্য স্থানগুলোতেও একই অবস্থা। এই বছর চীনে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় খরায় প্রায় ১০ লাখ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতে বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় খরা দেখা দিয়েছে এবং কেনিয়ায় খরার ফলে খাদ্যাভাব দেখা দিয়েছে।" এছাড়া বুর্কিনাফাসোতে গত ৯০ বছরের রেকর্ডভাঙ্গা বন্যাসহ সারা বিশ্বব্যাপী অতিরিক্ত বন্যার কথাও তুলে ধরেন জ্যারাড। ডব্লিউএমও-কে পর্যবেক্ষণের তথ্য সরবরাহকারী যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের প্রধান ভিকি পোপ ২০০৯ সালকে পঞ্চম উষ্ণতম বছর বলে একমত হয়েছেন। তিনি বলেন, "আমরা অত্যাবশ্যকীয়ভাবে একটি 'এল নিনো'র মধ্যে প্রবেশ করেছি।" আবহাওয়া বিজ্ঞানে 'এল নিনো' এমন একটি অবস্থাকে বোঝায় যখন প্রাকৃতিকভাবে আবহাওয়া অস্বাভাবিক উষ্ণতার দিকে যায় এবং বিশ্ব দুর্যোগপূর্ণ হয়ে উঠে। রেকর্ডে উষ্ণতম বছরের স্থান দখল করে আছে আরেক 'এল নিনো'র বছর ১৯৯৮ সাল। জ্যারাড বলেন, "দিন দিন উষ্ণতার মাত্রা বাড়ছে। হয় তো আর বছরখানেকের মধ্যে আমরা রেকর্ড ভাঙ্গা গরম দেখতে পাবো।" ১৯৯৮ সালের সর্বোচ্চ উষ্ণতার রেকর্ড এখনো না ভাঙ্গায় বৈশ্বিক উষ্ণতা নিয়ে এখনো উদ্বিগ্ন হওয়ার সময় আসেনি বলে মনে করছেন স্বল্প সংখ্যক কিছু বিজ্ঞানী। কিন্তু হ্যাডলি সেন্টারের প্রধান বলেন, তাপমাত্রা ক্রমেই বাড়ছে। ১৯৯৮ সালের থেকে কখনোই তাপমাত্রা কমতে দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৬৩৩ ঘ.